ইরান যুদ্ধে ট্রাম্পের কৌশল সংকট: বিশ্লেষকদের মূল্যায়ন
ইরানকে ঘিরে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘অপারেশন এপিক ফিউরি’ ঘিরে এক ধরনের দ্বিধাবিভক্ত অবস্থায় রয়েছেন এবং এখন স্পষ্ট কৌশল সংকটে পড়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক মার্কিন আলোচক অ্যারন ডেভিড মিলার বলেন, ‘ট্রাম্প নিজেই নিজেকে ইরান যুদ্ধের একটি বক্সে বন্দি করেছেন, যেখান থেকে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছেন না। এটিই তার সবচেয়ে বড় হতাশার কারণ।’
ট্রাম্প প্রশাসনের ভুল মূল্যায়ন
বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের সবচেয়ে বড় ভুল ছিল—ইরান এই যুদ্ধকে কতটা অস্তিত্ব সংকট হিসেবে দেখবে, তা সঠিকভাবে মূল্যায়ন করতে না পারা। আফগানিস্তান ও তুরস্কে দায়িত্ব পালন করা সাবেক মার্কিন রাষ্ট্রদূত জন বাস বলেন, ইরানের সঙ্গে সংঘাত কোন কোন দিকে মোড় নিতে পারে—সে বিষয়ে তারা যথেষ্ট প্রস্তুতি নেয়নি। ফলে পরিস্থিতি পরিকল্পনা অনুযায়ী এগোয়নি।
সংবাদ প্রবাহ নিয়ন্ত্রণে ব্যর্থতা
এদিকে ওয়াশিংটনভিত্তিক কৌশলগত প্রতিষ্ঠান গ্লোবাল সিচুয়েশন রুমের প্রধান ব্রেট ব্রুয়েন মনে করেন, ট্রাম্প এখন আগের মতো সংবাদ প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারছেন না। তিনি এখনও ব্যাখ্যা করতে পারছেন না কেন যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে নেওয়া হলো এবং পরবর্তী পরিকল্পনা কী। বার্তা দেওয়ার ক্ষেত্রে তার সেই পুরোনো তেজ ও দক্ষতা যেন হারিয়ে গেছে।
বিশ্লেষকরা আরও উল্লেখ করেন, ট্রাম্পের এই কৌশল সংকট শুধু তার ব্যক্তিগত নয়, বরং পুরো প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইরানের সঙ্গে সম্পর্কের জটিলতা এবং যুদ্ধের সম্ভাব্য পরিণতি নিয়ে মার্কিন নীতিনির্ধারকদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে।
এই পরিস্থিতিতে ট্রাম্পের ভবিষ্যৎ পদক্ষেপ কী হতে পারে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই মনে করছেন, যুদ্ধের গতিপথ পরিবর্তন করতে হলে ট্রাম্পকে দ্রুত একটি স্পষ্ট কৌশল গ্রহণ করতে হবে, নতুবা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।



