ইরানে মার্কিন-ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে: মানবাধিকার সংস্থা
ইরানের ওপর চাপিয়ে দেওয়া মার্কিন-ইসরাইলি অসম যুদ্ধে ইরানের ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছে স্থানীয় মানবাধিকার গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট একটি সংবাদ সংস্থা। যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইআরএএনএ), যা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট ইন ইরানের সঙ্গে যুক্ত, এই তথ্য প্রকাশ করেছে।
হতাহতের বিস্তারিত পরিসংখ্যান
সংবাদমাধ্যমটি দাবি করেছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মার্কিন ও ইসরাইলি হামলা শুরু হওয়ার পর থেকে ইরানে অন্তত ৩ হাজার ২২০ জন নিহত হয়েছেন। এইআরএএনএর তথ্যমতে, হামলায় অন্তত ১ হাজার ৩৯৮ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যার মধ্যে অন্তত ২১০ জন শিশু রয়েছে। এছাড়া ১ হাজার ১৬৫ সামরিক কর্মী এবং ৬৫৭ অন্য ব্যক্তি নিহত হয়েছেন যাদের দাপ্তরিক ভূমিকার ভিত্তিতে ‘অশ্রেণিবদ্ধ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সরকারি পরিসংখ্যানের সাথে পার্থক্য
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, মার্কিন-ইসরাইলি হামলায় অন্তত ১ হাজার ৪৪৪ জন নিহত এবং ১৮ হাজার ৫৫১ জন আহত হয়েছেন। এইআরএএনএ জানিয়েছে, তারা ‘মাঠ পর্যায়ের প্রতিবেদন, স্থানীয় সূত্র, চিকিৎসা ও জরুরি সেবা কেন্দ্র, সুশীল সমাজ নেটওয়ার্ক এবং ছবি, ভিডিও ও সরকারি বিবৃতিসহ বিভিন্ন জনসমক্ষে থাকা উৎস’ সমন্বয় করে হতাহতের এই তথ্য সংকলন করেছে। তবে তাদের এ দাবি স্বতন্ত্রভাবে যাচাই করা যায়নি।
সূত্র: আলজাজিরা।



