বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার
বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাবার মৃত্যুর খবর জানাতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) একই দিনে বাবা ও ছেলের লাশ দাফন করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দমদমা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় ও পেশা

নিহতরা হলেন শাহজাহান মিয়া (৬০) ও তার ছেলে উজ্জল হোসেন (৩৬)। শাহজাহান মিয়া পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক ছিলেন। এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক নানা সমস্যার কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন উজ্জল। কয়েক বছর আগে তার বিবাহবিচ্ছেদ হয়, এরপর তিনি একাই বসবাস করতেন।

ঘটনার বিবরণ

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহজাহান মিয়া কিছুদিন আগে স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবর জানাতে মেয়ের জামাতা জামাল হোসেন বাড়িতে গিয়ে উজ্জলকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে ঘরের জানালার একটি অংশ খুলে দেখতে পান, উজ্জল ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দাফন ও এলাকায় শোক

শুক্রবার সকালে শাহজাহান মিয়ার লাশ দাফন করা হয়। একই দিন বিকালে দাফন করা হয় ছেলে উজ্জল হোসেনের লাশ। বাবা-ছেলের একই দিনে দাফনের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশের বক্তব্য

সোনারগাঁও থানার ওসি গোলাম সারোয়ার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছিল। তদন্ত শেষে শুক্রবার পরিবারের কাছে তাদের লাশ হস্তান্তর করা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ