মধ্যপ্রাচ্যে যুদ্ধের চতুর্থ দিনে মার্কিন দূতাবাসে হামলা, ইরানে নিহত ৭৮৭
মধ্যপ্রাচ্যে যুদ্ধের চতুর্থ দিনে মার্কিন দূতাবাসে হামলা

মধ্যপ্রাচ্যে যুদ্ধের চতুর্থ দিনে মার্কিন দূতাবাসে হামলা, ইরানে নিহত ৭৮৭

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের চতুর্থ দিনে সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসে হামলা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে দুটি ড্রোন আঘাত হানার পর দূতাবাস ভবনে আগুন ধরে যায়। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ড্রোনের আঘাতে দূতাবাসে সামান্য ক্ষতি হয়েছে এবং কেউ হতাহত হননি। তবে এই হামলার নিন্দা জানিয়েছে সৌদি সরকার।

যুক্তরাষ্ট্রের নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ

নিরাপত্তার স্বার্থে মধ্যপ্রাচ্যের ১৪টি দেশ ও অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সরে যেতে বলেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এই তালিকায় বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব, আরব আমিরাত, সিরিয়া, ইয়েমেন এবং ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীর অন্তর্ভুক্ত। তবে যুদ্ধে মধ্যপ্রাচ্যের যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ার পর কীভাবে তারা সরে যাবেন, তা উল্লেখ করা হয়নি।

ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ৭৮৭

চলমান যুদ্ধের মধ্যে গতকালও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি বলছে, চার দিন ধরে ইরানের অন্তত ১৫৩টি শহরে হামলা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দেশ দুটির যৌথ হামলা আঘাত হেনেছে ইরানের ৫০৪টি স্থানে। এই সময়ে দেশটিতে ১ হাজার ৩৯টি হামলা চালানো হয়েছে। এতে নিহত হয়েছেন অন্তত ৭৮৭ জন ইরানি।

গতকাল তেহরানে ইরানের পুরোনো পার্লামেন্ট ভবন হামলার শিকার হয়। হামলায় তেহরানে জাতিসংঘের সংস্থা ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য তালিকায় থাকা ‘গোলেস্তান প্রাসাদের’ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাজধানীতে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের কার্যালয়েও হামলা চালিয়েছে ইসরায়েল। তেহরানের বাইরে ইরানের ইসফাহান ও সিরাজ শহরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

মার্কিন ঘাঁটিতে হামলা, ছয় সেনা নিহত

ইরানের বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) দাবি, যুদ্ধ শুরুর পর তারা মধ্যপ্রাচ্যের ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। গতকাল কুয়েতে যুক্তরাষ্ট্রের আরিফজান ঘাঁটিতে এবং আমিরাতে মার্কিন বাহিনীর ওপর হামলা হয়েছে। এসব ঘাঁটিতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানায়নি যুক্তরাষ্ট্র। তবে যুদ্ধ চলাকালে কুয়েতে মার্কিন ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ছয় সেনা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এ ছাড়া কুয়েতে যুক্তরাষ্ট্রের তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।

হরমুজ প্রণালি নিয়ে ইরানের হুমকি

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, ‘শয়তানের’ বিরুদ্ধে এখন একমাত্র তাঁর দেশই দাঁড়িয়ে আছে। শয়তান বলতে ইসমাইল বাগাই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বুঝিয়েছেন। এমন পরিস্থিতে হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচল করলে ‘জ্বালিয়ে’ দেওয়ার হুমকি দিয়েছে ইরান।

ইসরায়েলে হামলা, নিহত ১১

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধও তীব্র হয়েছে। ইসরায়েলে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ১১। গতকাল ইসরায়েলের মধ্যাঞ্চলের পেতাহ তিকভা শহরে ইরানের ক্ষেপণাস্ত্রের অংশ আঘাত হানে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এ দিন তেল আবিবে ইরানের ছোড়া রকেটের ধ্বংসাবশেষের আঘাতে আহত হন এক ইসরায়েলি পুলিশ।

আরব আমিরাত ও কাতারে হামলা

গতকাল আরব আমিরাতে ইরানের একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ফুজাইরাহ তেল শিল্পাঞ্চলে আগুন ধরে যায়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরুর পর সেখানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩। এ দিন ওমানের দাকম বাণিজ্য বন্দরে একটি জ্বালানি তেলের ট্যাংকে ড্রোন হামলা চালানো হয়। বাহরাইনেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আইআরজিসি।

যুদ্ধের সময়সীমা অনিশ্চিত

যুদ্ধ চার দিন গড়ালেও কবে এর শেষ হবে, তার কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, চার থেকে পাঁচ সপ্তাহ—প্রয়োজন পড়লে আরও বেশি সময় লাগবে। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষ্য, এই যুদ্ধ বছরের পর বছর ধরে চলবে না। অন্যদিকে যুদ্ধের সময়সীমা পরিস্থিতির ওপর নির্ভর করবে বলে উল্লেখ করেছেন ইসরায়েলের সেনা কর্মকর্তা নাদাভ শশানি।

ভিয়েনাভিত্তিক প্রতিরক্ষা বিশ্লেষক উলফগ্যাং পুস্তাই আল-জাজিরাকে বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র চায় আইআরজিসিসহ ইরান সরকারের মনোবল ভেঙে দিতে। আর ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে হামলা চালিয়ে তেহরান প্রমাণ করতে চায়, তারাও অনির্দিষ্টকাল পর্যন্ত লড়াই চালিয়ে যেতে পারবে। ফলে এই যুদ্ধ দ্রুত থামবে, না কি দীর্ঘ মেয়াদে চলবে, তা আগামী কয়েক সপ্তাহের মধ্যে বোঝা যাবে।

ডেমোক্র্যাটদের সমালোচনা

মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা ট্রাম্প প্রশাসনের কড়া সমালোচনা করছেন। ভার্জিনিয়া অঙ্গরাজ্যে দলটির সিনেটর মার্ক ওয়ার্নার বলেন, ‘ইরানের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি আসন্ন কোনো হুমকি ছিল না। ছিল ইসরায়েলের প্রতি। এখন ইসরায়েলের প্রতি হুমকিকে যদি যুক্তরাষ্ট্রের প্রতি হুমকি বলে ধরে নেওয়া হয়, তাহলে আমরা এমন পরিস্থিতিতে রয়েছি, যা আগে ঘটেনি।’ টেক্সাস থেকে প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্য জোয়াকিন কাস্ত্রো বলেন, ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে না থামিয়ে বরং যুদ্ধে যোগ দিয়েছে। ট্রাম্পের এই পদক্ষেপ যেমন অগ্রহণযোগ্য, তেমনই মিত্রদেশ হিসেবে ইসরায়েলও অগ্রহণযোগ্য কাজ করেছে।