দক্ষিণ লেবাননের ইয়োহমোর আল-শাকিফ শহরে ইসরাইলি বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা। স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, নাবাতিহ জেলায় একটি লরি এবং একটি মোটরসাইকেল লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
যুদ্ধবিরতি সত্ত্বেও হামলা অব্যাহত
একটি চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও আজ দক্ষিণ ও পূর্ব লেবাননের বিভিন্ন স্থানে ইসরাইলি বিমান হামলা, কামানের গোলাবর্ষণ এবং ড্রোনের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। লেবাননের সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরাইল সীমান্তবর্তী হুলা শহরে গোলাবর্ষণ করেছে এবং মারজায়ুন জেলার কানতারা ও আল-কুসাইর শহরে কামানের গোলা ছোড়া হয়েছে। এছাড়া বন্দর নগরী টায়ারে বিমান হামলা এবং দক্ষিণ জহরানি এলাকার গ্রামগুলোতে ড্রোন তৎপরতার খবর পাওয়া গেছে।
সবচেয়ে প্রাণঘাতী দিন
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যুদ্ধবিরতি বৃদ্ধির পর গত বুধবার (২২ এপ্রিল) ছিল সবচেয়ে প্রাণঘাতী দিন, যেখানে দক্ষিণ লেবাননে ছয়জন নিহত হয়েছিলেন। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে যে তারা গত রাতে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর রকেট লঞ্চারগুলো লক্ষ্য করে রাতভর অভিযান পরিচালনা করেছে। এই ক্রমবর্ধমান আক্রমণগুলো যুদ্ধবিরতির স্থায়িত্বকে এখন বড় ধরণের প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে।
সূত্র: আলজাজিরা।



