মালয়েশিয়ায় গাড়ির ধাক্কায় এক বাংলাদেশি তরুণ নিহতের ঘটনায় দেশটির এক সেনা কর্মকর্তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। নিহত তরুণের নাম মুজাহিদ মিল্লাদ (২২)। তার স্ত্রী তাবাসসুম আবিদা এ সময় আহত হন। দম্পতির বাড়ি হবিগঞ্জে।
রিমান্ডের আদেশ
কুয়ালালামপুর ট্রাফিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ঈসা জানান, তাদের আবেদনের ভিত্তিতে বিচারক গুপ্তান নর আসিকিন মুরলিকামাল এই রিমান্ড আদেশ দিয়েছেন। আগামী মঙ্গলবার পর্যন্ত পাঁচ দিন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
দুর্ঘটনার বিবরণ
বৃহস্পতিবার ভোরে মুজাহিদ মিল্লাদ ও তার স্ত্রী বিমানবন্দর থেকে ‘মাজু’ মহাসড়ক ধরে যাচ্ছিলেন। ওই সময় ৩১ বছর বয়সি ওই সেনা কর্মকর্তা বিপরীত দিক থেকে গাড়ি চালিয়ে আসছিলেন এবং ভুল লেনে ঢুকে পড়েন। এতে দুই গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলেই মুজাহিদ মিল্লাদ প্রাণ হারান। সংঘর্ষে সেনা কর্মকর্তা ও তার গাড়িতে থাকা এক নারীও আহত হন।
পুলিশের ধারণা, ঘটনার সময় ওই সেনা কর্মকর্তা মদ্যপ অবস্থায় ছিলেন। ঘটনার পর সড়ক পরিবহণ আইনে মামলা করে তাকে গ্রেফতার দেখানো হয়। মামলায় তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।



