মিয়ানমারের শান রাজ্যে বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি গ্রামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সময় রোববার (৩১ মে) দুপুর ১২টার দিকে চীন সীমান্তের কাছে নামখাম টাউনশিপের কাউং তাত গ্রামে এই বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের বিবরণ
বিবিসি মাঠপর্যায়ের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, নিহতদের মধ্যে ২৫ জন নারী এবং ৩০ জন পুরুষ রয়েছেন। তবে অন্যান্য প্রতিবেদনে এই সংখ্যা কিছুটা কমবেশি উল্লেখ করা হয়েছে। বিস্ফোরণের পরপরই গ্রামটির ওপর দিয়ে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়।
দায় স্বীকার ও তদন্ত
এলাকাটি নিয়ন্ত্রণকারী জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠী ‘ট্যআং ন্যাশনাল লিবারেশন আর্মি’ (টিএনএলএ) এক বিবৃতিতে জানিয়েছে, খনি ও পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বিস্ফোরক থেকে এই ‘আকস্মিক বিস্ফোরণ’ ঘটেছে। টেলিগ্রাম পোস্টে তারা নিহত, আহত ও ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। এতে আরও বলা হয়েছে, বিস্ফোরণের তদন্ত চলছে এবং দায়ী ব্যক্তিকে জবাবদিহির আওতায় আনা হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত ত্রাণ, স্বাস্থ্যসেবা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
প্রত্যক্ষদর্শীর বক্তব্য
সামাজিক মাধ্যমের এক স্থানীয় বাসিন্দা লিখেছেন, প্রথম দিকে অনেকে ধারণা করেছিলেন এটি কোনো বিমান হামলা। ঘটনাস্থলের ভিডিওচিত্রে দেখা গেছে, বিধ্বস্ত ঘরবাড়ির আশপাশে বিশাল গর্ত তৈরি হয়েছে এবং ইট-পাথরের টুকরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ ও দুমড়ে-মুচড়ে যাওয়া গাছপালা থেকে তখনো ধোঁয়া বের হচ্ছে।
সূত্র: নিক্কেই এশিয়া।



