বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি— সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ১৭ মে (রবিবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।
ভারতে প্রথমবার ‘জিহাদি ড্রাগ’ উদ্ধার
ভারতে প্রথমবারের মতো বড় ধরনের এক চালানে জব্দ করা হয়েছে জিহাদি ড্রাগ বা গরিবের কোকেন হিসেবে পরিচিত মাদক ‘ক্যাপ্টাগন’। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) বিশেষ অভিযান ‘অপারেশন রেজপিল’-এর আওতায় গুজরাটের মুন্দ্রা বন্দর এবং দিল্লির নেব সরাই এলাকা থেকে ১৮২ কোটি টাকা মূল্যের এই মাদক জব্দ করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।
কঙ্গো ও উগান্ডায় ইবোলার প্রকোপ
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে বিরল প্রজাতির ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে কয়েক ডজন মানুষের মৃত্যুর ঘটনায় বিশ্বজুড়ে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে এই প্রাদুর্ভাবকে এখনই ‘মহামারি’ হিসেবে ঘোষণা করেনি সংস্থাটি।
সরকারি টাকায় প্রেমিকা নিয়ে বিলাসবহুল ভ্রমণ
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই-এর পরিচালক কাশ প্যাটেলের বিরুদ্ধে সরকারি সম্পদ অপব্যবহারের নতুন অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, দাফতরিক সফরের নামে তিনি তার প্রেমিকাকে নিয়ে বিলাসবহুল আউটিংয়ে মেতেছিলেন, যা নিয়ে ওয়াশিংটনে শুরু হয়েছে নতুন বিতর্ক। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে।
তাইওয়ানে চীনা হামলার শঙ্কা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন ঘনিষ্ঠ উপদেষ্টা আশঙ্কা করছেন যে চীন সফরের সবচেয়ে বড় বাস্তব ফলাফল হতে পারে আগামী পাঁচ বছরের মধ্যে তাইওয়ানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের হামলা। আর এমনটি ঘটলে মার্কিন প্রতিষ্ঠানগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালনায় ব্যবহৃত চিপ বা সেমিকন্ডাক্টরের সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে।
জন্মনিয়ন্ত্রণকে ‘বিশ্বাসঘাতকতা’ বলছেন এরদোয়ান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান জন্মনিয়ন্ত্রণকে একটি ‘বিশ্বাসঘাতকতা’ এবং দেশের জন্মহার কমে যাওয়াকে ‘বিপর্যয়’ বলে অভিহিত করেছেন। তুরস্কের শীর্ষ রাজনীতিবিদ হিসেবে তার ২৩ বছরের মেয়াদের বেশির ভাগ সময়ই তিনি তুর্কিদের বেশি সন্তান নেওয়ার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে তিনি এমন এক ঐতিহ্যবাহী পরিবারের প্রচার চালিয়েছেন যেখানে বাবারা উপার্জন করবেন আর মায়েরা ঘরের পাশাপাশি অন্তত তিন বা তার বেশি সন্তান লালন-পালনে মনোযোগ দেবেন।
যুদ্ধে কতটা সংকটে ইরানের অর্থনীতি
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সামরিক সংঘাতের পর এক চরম অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছে ইরান। দেশটির সরকার এখন এক ‘যুদ্ধকালীন যুক্তি’ মেনে অর্থনীতি পরিচালনার আপ্রাণ চেষ্টা করছে। যেখানে মূল্যস্ফীতিকে দেখা হচ্ছে একটি ‘নিরাপত্তা হুমকি’ হিসেবে আর বাজারকে বিবেচনা করা হচ্ছে ‘যুদ্ধক্ষেত্র’ হিসেবে।



