রাশিয়ার রাজধানী মস্কোসহ বিভিন্ন অঞ্চলে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে অন্তত চারজন নিহত হয়েছে বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। দ্য গার্ডিয়ানের খবরে এ তথ্য জানানো হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এক রাতেই প্রায় ৬০০টি ইউক্রেনীয় ড্রোন দেশের ১৪টি অঞ্চলে আঘাত হানে। এর মধ্যে ক্রিমিয়া উপদ্বীপ এবং কৃষ্ণ ও আজভ সাগর অঞ্চলও ছিল। রাজধানী মস্কোর আশপাশের এলাকাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।
কর্তৃপক্ষ জানায়, মস্কো অঞ্চলে তিনজন এবং বেলগোরদে একজন নিহত হয়েছেন। রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৫৫৬টি ড্রোন ভূপাতিত করেছে এবং ভোরের পর আরও ৩০টি ধ্বংস করেছে।
গভর্নরের বক্তব্য
মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ বলেন, রাজধানীর উত্তরে খিমকি এলাকায় একটি বাড়িতে ড্রোন আঘাত হানলে এক নারী নিহত হন। তিনি এটিকে ‘বৃহৎ আকারের হামলা’ হিসেবে উল্লেখ করেন। তিনি আরও জানান, ধ্বংসাবশেষে চাপা পড়ে পোঘোরেলকি গ্রামে দুই পুরুষ নিহত হন এবং আরও একজনের সন্ধানে উদ্ধারকর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি কয়েকটি আবাসিক ভবন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
রুশ কর্তৃপক্ষ আরও জানায়, স্থানীয় সময় ভোর ৩টা থেকে মস্কো অঞ্চলে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাপকভাবে ড্রোন প্রতিহত করতে কাজ করছে।
মেয়রের বিবরণ
মস্কো শহরের মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাতভর ৮০টিরও বেশি ড্রোন ভূপাতিত করেছে। এতে ১২ জন আহত হয়েছেন এবং ধ্বংসাবশেষ পড়ে কিছু এলাকায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, একটি হামলায় নির্মাণ শ্রমিকরা আহত হন এবং মস্কোর তেল ও গ্যাস শোধনাগারের কাছে তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে শোধনাগারের উৎপাদন বা কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি।
প্রেক্ষাপট
প্রসঙ্গত, সম্প্রতি ইউক্রেনে চালানো রুশ হামলায় ২০ জনের বেশি নিহত এবং প্রায় ৫০ জন আহত হন। রাশিয়ার এই হামলার পালটা জবাবের হুঙ্কার দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত সপ্তাহে বলেছিলেন, রাশিয়ার সাম্প্রতিক হামলার জবাবে আরও ড্রোন হামলা চালানো হবে।



