যুক্তরাষ্ট্র-নাইজেরিয়া যৌথ অভিযানে আইএসের দ্বিতীয় শীর্ষ নেতা নিহত
যুক্তরাষ্ট্র-নাইজেরিয়া অভিযানে আইএসের দ্বিতীয় শীর্ষ নেতা নিহত

যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার সামরিক বাহিনীর যৌথ অভিযানে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) দ্বিতীয় শীর্ষ নেতা আবু-বিলাল আল-মিনুকি নিহত হয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। শনিবার (১৬ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

অভিযানের সাফল্য ও ট্রাম্পের বক্তব্য

ট্রাম্প বলেন, সাহসী মার্কিন বাহিনী এবং নাইজেরিয়ার সশস্ত্র বাহিনী অত্যন্ত নিখুঁত ও জটিল একটি অভিযান সফলভাবে সম্পন্ন করেছে। এর মাধ্যমে বিশ্বের অন্যতম সক্রিয় একজন সন্ত্রাসীকে যুদ্ধক্ষেত্র থেকে নির্মূল করা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, আইএস-এর বৈশ্বিক নেটওয়ার্কের দ্বিতীয় শীর্ষ নেতা আবু-বিলাল আল-মিনুকি ভেবেছিলেন তিনি আফ্রিকায় লুকিয়ে থাকতে পারবেন। কিন্তু তিনি জানতেন না যে আমাদের কাছে এমন সূত্র ছিল, যারা আমাদের তার প্রতিটি পদক্ষেপের বিষয়ে তথ্য দিচ্ছিল।

নাইজেরিয়াকে ধন্যবাদ ও বিস্তারিত তথ্য গোপন

অভিযানে অংশীদারিত্বের জন্য নাইজেরিয়া সরকারকে ধন্যবাদ জানালেও এই বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেননি ট্রাম্প। তবে তিনি দাবি করেন, তাকে সরিয়ে দেওয়ার ফলে আইএস-এর বৈশ্বিক কার্যক্রম ব্যাপকভাবে হ্রাস পাবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আল-মিনুকির ওপর নিষেধাজ্ঞা ও আইএসে তার ভূমিকা

আইএসের সঙ্গে জড়িত থাকার কারণে ২০২৩ সাল থেকে আল-মিনুকির ওপর মার্কিন নিষেধাজ্ঞা ছিল। তাকে ‘বৈশ্বিক সন্ত্রাসী’ হিসেবে তালিকাভুক্ত করার সময় মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছিল, আল-মিনুকি সাহেল অঞ্চলের একজন জ্যেষ্ঠ আইএস নেতা এবং সংগঠনটির ‘জেনারেল ডিরেক্টরেট অব প্রভিন্সেস’-এর সদস্য। এই প্রশাসনিক শাখাটি বিশ্বজুড়ে আইএস-এর কার্যক্রমের নির্দেশনা ও অর্থায়ন সরবরাহ করে থাকে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নাইজেরিয়ার বিরুদ্ধে ট্রাম্পের পূর্বের অভিযোগ ও প্রতিক্রিয়া

প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে ট্রাম্প নাইজেরিয়ার বিরুদ্ধে অভিযোগ এনে দাবি করেছিলেন, নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে খ্রিস্টানদের লক্ষ্য করে সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলা বন্ধে দেশটির সরকার পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছে না। তবে আবুজার পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। নাইজেরিয়া সরকারের দাবি, সশস্ত্র যোদ্ধারা দেশের মুসলিম এবং খ্রিস্টান উভয় সম্প্রদায়কেই লক্ষ্য করে হামলা চালাচ্ছে।