ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলায় নিহত ৬, আহত অনেকে
ইউক্রেনে রাশিয়ার হামলায় ৬ জন নিহত

ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার সকাল থেকে শুরু হওয়া এই হামলা ঘণ্টার পর ঘণ্টা ধরে চলে। এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য নিশ্চিত করেছেন।

হামলার লক্ষ্যবস্তু

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জেলেনস্কি জানান, হামলার লক্ষ্যবস্তু ছিল রাজধানী কিয়েভ, পোল্যান্ড সীমান্তের কাছের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভ এবং কৃষ্ণসাগরীয় বন্দরনগরী ওডেসাসহ আরও কয়েকটি এলাকা। তিনি বলেন, 'আমাদের সেনারা ইউক্রেনকে রক্ষা করছে, কিন্তু রাশিয়ার স্পষ্ট লক্ষ্য হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলে অকার্যকর করে দেওয়া।'

ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা

জেলেনস্কি সতর্ক করে আরও বলেন, 'ড্রোন হামলার পর ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলাও হতে পারে।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিভিন্ন অঞ্চলে হামলার বিবরণ

দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলের গভর্নর ওলেক্সান্দর প্রোকুদিন জানান, বিলোজেরকা শহরে একটি বাসে রুশ ড্রোন আঘাত হানলে এক নারী নিহত হন। এছাড়া পশ্চিমাঞ্চলীয় রিভনে অঞ্চলে আরেকটি ড্রোন হামলায় তিনজন নিহত এবং চারজন আহত হয়েছেন বলে জানান গভর্নর ওলেক্সান্দর কোভাল।

উত্তর-পূর্ব ইউক্রেনের খারকিভ অঞ্চলে কর্তৃপক্ষ জানিয়েছে, জোলোচিভ শহরের কাছে একটি কমিউনিটিতে রুশ বাহিনীর ফার্স্ট-পার্সন ভিউ (এফপিভি) ড্রোন হামলায় ৬০ বছর বয়সি এক ব্যক্তি নিহত হন। পুলিশ জানায়, হামলায় দুটি বাড়ি ও কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও দক্ষিণের জাপোরিঝিয়া অঞ্চলের গভর্নর ইভান ফেদরভ জানান, একটি কৃষি প্রতিষ্ঠানে হামলায় ৭৬ বছর বয়সি এক ব্যক্তি নিহত হয়েছেন। ফেদরভ টেলিগ্রামে লিখেছেন, 'রুশ বাহিনী একটি কৃষি প্রতিষ্ঠানের এলাকায় গাইডেড এয়ার বোমা দিয়ে হামলা চালায়। বিস্ফোরণের অভিঘাত ও ধ্বংসাবশেষে ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।'

সূত্র: আল জাজিরা

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ