প্রধানমন্ত্রী তারিক রহমানের সভাপতিত্বে ৪০ সদস্যের জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটি (এনইসিসিসি) গঠন করেছে সরকার। এই কমিটি পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং জাতীয় নীতি ও কর্মপরিকল্পনা বাস্তবায়ন পর্যবেক্ষণ করবে।
বৃহস্পতিবার (২ জুলাই, ২০২৬) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
কমিটির সদস্যরা
কমিটিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী; অর্থমন্ত্রী; পরিকল্পনামন্ত্রী; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী; ভূমিমন্ত্রী; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী; কৃষিমন্ত্রী; পানিসম্পদ মন্ত্রী; দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী; এবং নৌপরিবহন মন্ত্রী অন্তর্ভুক্ত রয়েছেন।
এছাড়া খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীও সদস্য হিসেবে রাখা হয়েছে।
অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর প্রধান সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা, নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, পরিকল্পনা কমিশনের একজন প্রতিনিধি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন সংস্থার (স্পারসো) চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বন সংরক্ষক, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক দুইজন বিশেষজ্ঞ।
কমিটির দায়িত্ব
প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির প্রধান দায়িত্বগুলোর মধ্যে রয়েছে জাতীয় পরিবেশ নীতি, জাতীয় জলবায়ু পরিবর্তন পরিকল্পনা ও কৌশল বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা; পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘের সমন্বয়ে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন মূল্যায়ন; আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত চ্যালেঞ্জ চিহ্নিত করে সমাধানের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান; এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় বিবেচনা।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।



