আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসের উচ্চ ঝুঁকি রয়েছে।
ভূমিধসের ঝুঁকি ও সতর্কতা
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, ভারতের উত্তর প্রদেশ ও সংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপ অঞ্চল এবং উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ১১ ও ১২ জুলাই কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। গাণিতিক মডেলের পূর্বাভাস অনুযায়ী, এই জেলাগুলোতে এ সময় মোট ১০০ থেকে ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।
নদীবন্দরে সতর্কতা
দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আজ সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো বা দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সার্বিক আবহাওয়ার পূর্বাভাস
আবহাওয়া অধিদপ্তরের গত রাতে প্রকাশিত সার্বিক পূর্বাভাসে বলা হয়েছে, আজ বিকেল ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তাপমাত্রার অবস্থা
পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।



