ঢাবিতে জলবায়ু সহনশীল নগর উন্নয়ন গবেষণা প্রকল্পের উদ্বোধন
ঢাবিতে জলবায়ু সহনশীল নগর উন্নয়ন গবেষণার উদ্বোধন

নগর তাপপ্রবাহের কারণে সৃষ্ট স্বাস্থ্যগত ঝুঁকি চিহ্নিতকরণ, তা নিরসন এবং জলবায়ু সহনশীল নগর উন্নয়নে নীতিনির্ধারকদের প্রমাণভিত্তিক সুপারিশ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) একটি আন্তর্জাতিক গবেষণা প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার উপাচার্যের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। ওয়েলকাম ট্রাস্টের অর্থায়নে এই বহুমাত্রিক গবেষণায় অংশীদার হিসেবে ঢাবির সঙ্গে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), যুক্তরাষ্ট্রের টুলেইন ইউনিভার্সিটি স্কুল অব পাবলিক হেলথ অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন এবং লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটি হেলথ সায়েন্সেস সেন্টার।

প্রকল্পের বিবরণ

প্রকল্পটির নাম ‘এক্সপোজিং হিডেন হিট: ম্যাপিং হিট-ড্রিভেন হেলথ ডিসপ্যারিটিজ অ্যান্ড অ্যাডভান্সিং পলিসি ইমপ্লিকেশন ফর ক্লাইমেট-রেজিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট ইন ঢাকা, বাংলাদেশ’। উদ্বোধনী অনুষ্ঠানে গবেষকেরা ক্রমবর্ধমান নগর তাপপ্রবাহের চ্যালেঞ্জ তুলে ধরেন।

গবেষণার গুরুত্বপূর্ণ দিক

প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ পরিচালনা করছে ঢাবির আবহাওয়া বিজ্ঞান বিভাগ। এই গবেষণা দলের নেতৃত্ব দিচ্ছেন বিভাগের সহযোগী অধ্যাপক ফাতিমা আক্তার। সহপ্রধান গবেষক হিসেবে তিনি আবহাওয়া ও জলবায়ু গবেষণা কার্যক্রম তদারক করবেন। তাঁর বিভাগ উন্নত জলবায়ু তথ্য বিশ্লেষণ, তাপমাত্রার মানচিত্র তৈরি ও পরিবেশগত পর্যবেক্ষণের মাধ্যমে চরম তাপমাত্রার স্থানিক ও কালিক বৈচিত্র্য শনাক্তের কাজ করবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রত্যাশিত ফলাফল

আয়োজকেরা জানান, এই গবেষণার বৈজ্ঞানিক ফলাফল ঢাকাসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন শহরে অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহনশীল নগর উন্নয়ন কৌশল প্রণয়নে নীতিনির্ধারকদের জন্য সহায়ক হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উপাচার্যের বক্তব্য

বৈশ্বিক উষ্ণতা ও চরম তাপপ্রবাহজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় এ গবেষণা সহায়ক হবে মন্তব্য করে অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, গবেষণাকে শুধু শ্রেণিকক্ষ বা ল্যাবরেটরিতে সীমাবদ্ধ না রেখে এর সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তাত্ত্বিক বিষয়কে বাস্তব জীবনে সফল প্রয়োগ ঘটিয়ে মানবকল্যাণ সাধন করতে পারলেই শিক্ষা ও গবেষণা সার্থক হবে।

অনুষ্ঠানে উপস্থিতি

অনুষ্ঠানে ঢাবির সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালাম, সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক মো. হুমায়ুন কবীর ও আবহাওয়াবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক রবিউল আউয়াল উপস্থিত ছিলেন। এ ছাড়া বুয়েট, যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের প্রতিনিধিরা এতে অংশ নেন।