নাটোরের বড়াইগ্রামে ছাগলের ঘরে হানা দেওয়ায় একটি মেছোবাঘ পিটিয়ে হত্যা করেছেন গ্রামবাসী। মঙ্গলবার সকালে উপজেলার বড়াইগ্রাম সদর ইউনিয়নের দিঘলকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ
স্থানীয়রা জানান, মেছোবাঘটি মঙ্গলবার ভোর ৪টার দিকে দিঘলকান্দি গ্রামের কৃষক মবিদুল ইসলামের ছাগলের ঘরে ঢুকে। একপর্যায়ে ঘরে মশারির ভিতরে ঢুকে সেখানে বেঁধে রাখা ছাগলের উপর হামলা করে। এ সময় ছাগলের চিৎকারে দ্রুত বেরিয়ে এসে প্রতিবেশীদের সহায়তায় মেছোবাঘটি মশারির ভিতরেই আটক করেন তারা। পরে সকালে সেটি গ্রামবাসী পিটিয়ে মেরে ফেলেন।
প্রাণিবিদের মতামত
বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান জমশেদ আলী বলেন, প্রাণীটির প্রকৃত নাম মেছো বিড়াল; কিন্তু অনেক এলাকায় এটিকে মেছোবাঘ নামেও ডাকে। প্রাণীটি মানুষকে আক্রমণ করে না, বরং মানুষ দেখলে পালিয়ে যায়। তাই এটি নিয়ে ভীত হওয়ার কিছু নেই। জলাভূমি আছে এমন এলাকায় বেশি দেখা যায়। প্রাণীটি জলাভূমির মাছ, ব্যাঙ, কাঁকড়া ছাড়াও পোকামাকড় ও ইঁদুর খেয়ে কৃষকের উপকার করে। জনবসতি স্থাপন, বন ও জলাভূমি ধ্বংস, পিটিয়ে হত্যা ইত্যাদি কারণে বিগত কয়েক দশকে এই প্রাণীটির সংখ্যা আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে।
বন কর্মকর্তার বক্তব্য
এ ব্যাপারে উপজেলা বন কর্মকর্তা নশরত জামান মৃধা বলেন, আমি দুপুরের দিকে ঘটনাটি শুনেছি। এখন আমি ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে বিস্তারিত জেনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
থানার অবস্থান
বড়াইগ্রাম থানার ওসি আব্দুস ছালাম জানান, এ ব্যাপারে থানায় কোনো লিখিত অভিযোগ বা জিডি হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



