প্রধানমন্ত্রী তারিক রহমান বলেছেন, দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণ করতে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করার জন্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
বুধবার বিকেলে জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রমের সভাপতিত্বে কুমিল্লা-১০ আসনের সরকারি দলের সাংসদ মো. মোবাশের আলম ভূঁইয়ার এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আমদানি-রপ্তানি প্রক্রিয়া সহজীকরণ
প্রধানমন্ত্রী বলেন, আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের কার্যালয়ের মাধ্যমে অনলাইনে এখন দ্রুত আমদানি-রপ্তানি নিবন্ধন সেবা দেওয়া হচ্ছে।
বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে রপ্তানি নীতি হালনাগাদ করা হয়েছে এবং আমদানি নীতি আদেশ ২০২৬-২০২৯ হালনাগাদের প্রক্রিয়া চলছে, যাতে বিদেশি বিনিয়োগকারীরা সহজে বাজারে প্রবেশ করতে পারে।
অ-শুল্ক বাধা ও বাণিজ্য সহজীকরণ
প্রধানমন্ত্রী বলেন, রপ্তানিমুখী পণ্যের জন্য আমদানিতে অ-শুল্ক বাধা অপসারণের ব্যবস্থা নেওয়া হয়েছে। বন্ডেড ও নন-বন্ডেড উভয় শিল্পের জন্যই ফ্রি অফ কস্ট (এফওসি) ভিত্তিতে পণ্য আমদানির সুযোগ বাড়ানো হচ্ছে।
আমদানি পেমেন্ট প্রক্রিয়া সহজ করা হচ্ছে এবং আমদানিকারীরা মূল্য নির্বিশেষে এল/সি ছাড়াই চুক্তির মাধ্যমে পণ্য আমদানি করতে পারবেন।
বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বাণিজ্য প্রক্রিয়া ত্বরান্বিত ও স্বচ্ছ করতে আন্তর্জাতিক মান অনুযায়ী বাণিজ্য সহজীকরণ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রতিষ্ঠানিক সংস্কার
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অথরিটি (পিপিপিএ) ও বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষকে একীভূত করার পদক্ষেপ নেওয়া হয়েছে, যা প্রতিষ্ঠানিক জটিলতা কমিয়ে বিনিয়োগকারীদের সেবা দক্ষতা বাড়াবে। বাস্তবায়িত হলে বিনিয়োগকারীরা একক প্ল্যাটফর্ম থেকে সমন্বিত সেবা পাবেন, নীতি অসঙ্গতি ও সেবার পুনরাবৃত্তি কমবে এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সহজ হবে।
আন্তঃসংস্থা সমন্বয়
বিনিয়োগ পরিবেশ উন্নয়নে আন্তঃসংস্থা সমন্বয় জোরদার করা হয়েছে। বিডা ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মধ্যে নিয়মিত সমন্বয় সভায় বিনিয়োগকারীদের কর সংক্রান্ত সমস্যা পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনী নেওয়া হচ্ছে।
বিদেশি বিনিয়োগকারী, ব্যবসায়িক সংগঠন ও বিভিন্ন শিল্পের প্রতিনিধিদের সাথে পরামর্শ সভা ও মতবিনিময় বাড়ানো হয়েছে, যাতে নীতি প্রণয়ন ও বাস্তবায়নে বেসরকারি খাতের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সুপারিশ প্রতিফলিত হয়।
মূলধন প্রত্যাবাসন সহজীকরণ
বিদেশি বিনিয়োগকারীদের জন্য মূলধন ও বিনিয়োগ প্রত্যাবাসন প্রক্রিয়া সহজ করতে উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে শেয়ার বিক্রি, মালিকানা হস্তান্তর বা কার্যক্রম বন্ধের পর মূলধন ও আয় বিদেশে স্থানান্তরে বিলম্ব ও অনিশ্চয়তা থাকে, যা জটিল মূল্যায়ন প্রক্রিয়া, দীর্ঘ পদ্ধতি ও অতিরিক্ত ডকুমেন্টেশনের কারণে হয়।
বাংলাদেশ ব্যাংকের সমন্বয়ে গঠিত জাতীয় মূলধন প্রত্যাবাসন কমিটি বিদ্যমান ব্যবস্থা পর্যালোচনা করে সংস্কার প্রস্তাব প্রস্তুত করেছে, যা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রস্তাবিত সংস্কারে মূল্যায়ন, যাচাই ও অনুমোদন প্রক্রিয়া সহজ, স্বচ্ছ, দ্রুত ও অনুমানযোগ্য হবে এবং অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা ও কাগজপত্র কমানো হবে।
লাইসেন্স ও অনুমোদন প্রক্রিয়ায় সংস্কার
বিনিয়োগ কার্যক্রম শুরু করতে লাইসেন্স ও অনুমোদন প্রক্রিয়ায় ব্যাপক সংস্কার শুরু হয়েছে। সব বিনিয়োগ-সম্পর্কিত অনুমোদন, নিবন্ধন ও লাইসেন্সিং সেবা একটি সমন্বিত ডিজিটাল একক-উইন্ডো প্ল্যাটফর্মের আওতায় আনা হচ্ছে, যেখানে সব সেবা প্রদানকারী সংযুক্ত থাকবে।
জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জাইকা) সহায়তায় বিডা 'বাংলাবিজ' প্ল্যাটফর্ম চালু করেছে, যার মাধ্যমে বিনিয়োগকারী ও উদ্যোক্তারা একক ডিজিটাল ইন্টারফেস থেকে বিভিন্ন সরকারি সেবা, অনুমোদন, নিবন্ধন, লাইসেন্স ও সংশ্লিষ্ট সংস্থার তথ্য পেতে পারেন এবং অনলাইনে আবেদন করতে পারেন। এই ব্যবস্থা ম্যানুয়াল প্রক্রিয়া কমিয়ে সম্পূর্ণ অনলাইন সেবা নিশ্চিত করবে এবং প্রতিটি সেবার জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করবে।
অবকাঠামো উন্নয়ন
বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও পণ্য পরিবহন ব্যবস্থার দক্ষতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। লজিস্টিক প্রক্রিয়া সহজ করা, বন্দর ও পরিবহন অবকাঠামো আধুনিকীকরণ এবং নতুন অর্থনৈতিক অঞ্চল দ্রুত চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আমদানি-রপ্তানি সক্ষমতা বাড়াতে ও আন্তর্জাতিক বাণিজ্যের খরচ ও সময় কমাতে নতুন বন্দর অবকাঠামো নির্মাণ ও বিদ্যমান সুবিধা সম্প্রসারণ করা হচ্ছে। লালদিয়া টার্মিনাল এ বছর চালু করার প্রস্তুতি চলছে, বে টার্মিনাল প্রকল্প দ্রুত বাস্তবায়ন হচ্ছে এবং মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নির্মাণ এগিয়ে চলছে। এসব বন্দর চালু হলে বড় জাহাজ সরাসরি বাংলাদেশি বন্দরে ভিড়তে পারবে, যা দেশের বৈদেশিক বাণিজ্য সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে।



