মধ্য আফ্রিকায় জাতিসংঘ মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের জাতীয় সম্মাননা
মধ্য আফ্রিকায় বাংলাদেশি শান্তিরক্ষীদের জাতীয় সম্মাননা

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনরত বাংলাদেশ সেনাবাহিনীর চার সদস্যকে দেশটির জাতীয় সম্মাননা দেওয়া হয়েছে। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট গত ১০ জুন জারি করা এক অধ্যাদেশের মাধ্যমে জাতিসংঘের মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বহুমাত্রিক সমন্বিত স্থিতিশীলতা মিশনে (মিনুস্কা) কর্মরত এই চার বাংলাদেশি শান্তিরক্ষীকে সম্মানিত করেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

সম্মাননা প্রাপ্ত ব্যক্তিবর্গ

সম্মাননা পাওয়া ব্যক্তিরা হলেন— মিনুস্কার সেক্টর ইস্ট কমান্ডার ও বাংলাদেশ সেনাবাহিনীর জ্যেষ্ঠ জাতীয় প্রতিনিধি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী রেজা, বাংলাদেশ স্পেশাল ফোর্স কোম্পানি (বিএএনএসএফসি)-১০-এর কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসিবুল হাসান, সেক্টর ইস্ট কমান্ডারের সামরিক সহকারী মেজর ইমরুল হাসান অয়ন এবং বিএএনএসএফসি-১০-এর দোভাষী ক্যাপ্টেন মো. শাকওয়াত হোসেন সরকার।

অবদানের স্বীকৃতি

মঙ্গলবার (৩০ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সপ্তম প্রজাতন্ত্রের নির্বাচনকালে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতকরণে অসামান্য অবদান এবং বাংলাদেশ ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের মধ্যে দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা জোরদারে ভূমিকা রাখায় তাদের এই স্বীকৃতি দেওয়া হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নির্বাচনী নিরাপত্তায় ভূমিকা

আইএসপিআর আরও জানায়, নির্বাচনের সময় প্রত্যন্ত ও সংবেদনশীল জাংবা এলাকায় জাতীয় নির্বাচন কর্তৃপক্ষের (এএনই) কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং মধ্য আফ্রিকান সশস্ত্র বাহিনীকে (এফএসিএ) সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাংলাদেশ স্পেশাল ফোর্স কোম্পানি-১০।

এ ছাড়া ২০২৫-২৬ সালের জাতীয় নির্বাচনকালে অসাধারণ পেশাদারত্ব ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ বিএএনএসএফসি-১০ এবং এর কন্টিনজেন্ট কমান্ডারকে মধ্য আফ্রিকান সশস্ত্র বাহিনীর সেনাপ্রধানের পক্ষ থেকেও প্রশংসাপত্র দেওয়া হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আইএসপিআর বলছে, এই সম্মাননা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীদের পেশাদারত্ব, দক্ষতা ও উৎকর্ষের আরেকটি উজ্জ্বল স্বীকৃতি।