প্রধানমন্ত্রী তারিক রহমান জাতিসংঘ শান্তিরক্ষীদের আত্মত্যাগ, পেশাদারিত্ব এবং বিশ্বশান্তিতে তাদের অবদানের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, জাতিসংঘের পতাকাতলে দায়িত্ব পালনকালে যেসব শান্তিরক্ষী প্রাণ হারিয়েছেন, তাদের আত্মত্যাগ বিশ্বশান্তির পথে চিরকাল দৃষ্টান্ত হয়ে থাকবে।
ঢাকা সেনানিবাসে আন্তর্জাতিক দিবস উদযাপন
২০২৬ সালের ১০ জুন বুধবার ঢাকা সেনানিবাসে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি ২০২৫ সালে সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিহত ছয় বাংলাদেশি সেনার স্ত্রীদের হাতে সম্মাননা পদক তুলে দেন। একইসঙ্গে ওই হামলায় এবং অন্যান্য চলমান মিশনে আহত সশস্ত্র বাহিনীর সদস্যদেরও তিনি পুরস্কৃত করেন।
অনুষ্ঠানে বক্তব্য
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াক। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সর্বোচ্চ শান্তিরক্ষী হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. একেএম শামসুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য দেন।



