যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের ওপর দেশটির মাশহাদ শহরের ইমাম রেজা মাজারের লাল পতাকা রাখা হয়েছে। আগামী ৯ জুলাই ওই মাজারেই খামেনিকে দাফন করা হবে। এর আগে ইরানে তার শোক ও শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
লাল পতাকার প্রতীকী অর্থ
জর্জটাউন ইউনিভার্সিটির মিডল ইস্ট অ্যান্ড ইসলামিক পলিটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক নাদের হাশেমি আল জাজিরাকে জানান, এই লাল পতাকাটি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হুসাইন ইবনে আলীর আত্মত্যাগের প্রতীক। সপ্তম শতকে কারবালার যুদ্ধে তিনি নিহত হন এবং শিয়া ইসলামে তিনি অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব।
শিয়া ইসলামে কারবালার প্রভাব
নাদের হাশেমি বলেন, কারবালার যুদ্ধে হুসাইন ইবনে আলীর মৃত্যু এবং শাহাদাত শিয়া মুসলমানদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নৈতিক আদর্শিক ভিত্তি। তাই ইসলামি প্রজাতন্ত্র ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হত্যাকাণ্ডে সর্বোচ্চ নেতার মৃত্যুর সঙ্গে সেই আত্মত্যাগের প্রতীকী তুলনা করার চেষ্টা করছে।
খামেনির মৃত্যুতে ইরানে ব্যাপক শোক প্রকাশ করা হচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে খামেনি ১৯৮৯ সাল থেকে ক্ষমতায় ছিলেন। তার নেতৃত্বে ইরান বিভিন্ন আন্তর্জাতিক সংকটের মুখোমুখি হয়েছিল। তার উত্তরসূরি নিয়ে এখনই আলোচনা শুরু হয়েছে, তবে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।



