বিদ্যুৎমন্ত্রী টুকু: রবীন্দ্রনাথের কবিতা ও গান বাঙালির হৃদয়ে চিরজীবী
বিদ্যুৎমন্ত্রী টুকু: রবীন্দ্রনাথের কবিতা ও গান বাঙালির হৃদয়ে চিরজীবী

শাহজাদপুরের রবীন্দ্র কাছারিবাড়ি অডিটোরিয়ামে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেছেন বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শুক্রবার (২৫ বৈশাখ) দুপুরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্য

প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎমন্ত্রী বলেন, 'বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান অসামান্য। কবি শাহজাদপুরে বসেই বহু গান, কবিতা ও গল্প রচনা করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের গুরু। তাই এই দিনে আমরা বাংলা সাহিত্য ও রবীন্দ্রনাথকে স্মরণ করি। রবীন্দ্রনাথের কবিতা ও গান বাঙালির হৃদয়ে আজও জীবন্ত হয়ে আছে।' তিনি আরও বলেন, 'রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই আজকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।'

অনুষ্ঠানের আয়োজন

সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সিরাজগঞ্জ জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ড. এমএ মুহিত।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বক্তব্য রাখেন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একেএম আব্দুল্লাহ খান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি সুমন কান্তি বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তারিক মঞ্জুর প্রমুখ।

তিন দিনব্যাপী উৎসব

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শাহজাদপুরের রবীন্দ্র কাছারিবাড়িতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ২৫ থেকে ২৭ বৈশাখ তিন দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে কাছারিবাড়ি ও অডিটোরিয়ামে সংস্কার, আলোকসজ্জা ও সাজসজ্জা করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঐতিহাসিক প্রেক্ষাপট

জানা যায়, এক সময় শাহজাদপুর ছিল রানী ভবানীর জমিদারির অংশ। ১৮৪০ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর মাত্র ১৩ টাকা ১০ আনায় এই জমিদারি ক্রয় করেন। পরে ১৮৯০ থেকে ১৮৯৭ সাল পর্যন্ত জমিদারি তদারকির জন্য রবীন্দ্রনাথ নিয়মিত শাহজাদপুরে আসতেন ও এখানে অবস্থান করতেন।

এই কাছারিবাড়িতে বসেই তিনি 'সোনার তরী', 'চিত্রা', 'চৈতালী', 'কল্পনা'-এর মতো কাব্যগ্রন্থ এবং 'পোস্টমাস্টার', 'ছুটি', 'সমাপ্তি', 'অতিথি', 'ক্ষুধিত পাষাণ'-এর মতো বিখ্যাত ছোটগল্প রচনা করেন। পাশাপাশি 'ছিন্নপত্রাবলীর' বিভিন্ন অংশ ও 'বিসর্জন' নাটকেরও কিছু অংশ এখানে রচিত হয়।

প্রস্তুতি ও নিরাপত্তা

রবীন্দ্র কাছারিবাড়ির কাস্টডিয়ান শিউলি তালুকদার বলেন, জন্মবার্ষিকী উপলক্ষে অডিটোরিয়াম ও মিউজিয়ামে সংস্কার ও আলোকসজ্জার কাজ সম্পন্ন করা হয়েছে। দর্শনার্থীদের জন্য সবকিছু উন্মুক্ত রাখা হয়েছে।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন জানান, সিরাজগঞ্জ জেলা ও শাহজাদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার পাশাপাশি রবীন্দ্র মেলার আয়োজন করা হয়েছে। দেশ-বিদেশ থেকে আগত দর্শনার্থীদের কথা বিবেচনায় রেখে নিরাপত্তা জোরদার করা হয়েছে ও সার্বক্ষণিক সিসি ক্যামেরায় নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে।