মঙ্গলবার (৭ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে ঢাকাসহ ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা সতর্ক বার্তায় বলা হয়েছে, দুপুরের মধ্যে এসব জেলার ওপর দিয়ে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে।
১৭ জেলার তালিকা ও ঝড়ের গতি
ঝড়ো বাতাসের আশঙ্কা রয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলায়। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে এই ঝড় বয়ে যেতে পারে। পাশাপাশি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
এমন পরিস্থিতিতে ওই ১৭ জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
সন্ধ্যা পর্যন্ত পূর্বাভাস
সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে ভারি বৃষ্টি হতে পারে। বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।
তাপমাত্রা কমার সম্ভাবনা
সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।



