সাতকানিয়ায় বন্যায় জনজীবন বিপর্যস্ত, সড়কে জাল দিয়ে মাছ শিকার
সাতকানিয়ায় বন্যায় বিপর্যস্ত জনজীবন, সড়কে মাছ শিকার

চট্টগ্রামের সাতকানিয়ায় ভয়াবহ বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানিতে উপজেলার বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। সড়ক-ঘাট, হাট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও বসতবাড়ি পানির নিচে চলে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারও মানুষ।

সড়কে জাল দিয়ে মাছ শিকার

শুক্রবার বিকালে উপজেলার একটি প্রধান সড়কে দেখা যায়, হাঁটু থেকে কোমর সমান পানির মধ্যে শত শত মানুষ চলাচল করছেন। কেউ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সংগ্রহ করছেন, কেউবা জাল হাতে নেমেছেন মাছ শিকারে। সড়কের দুই পাশে পানি আর পানি। যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে।

সরেজমিন দেখা যায়, সাতাকানিয়া কেরানীহাট-বান্দরাবন সড়ক উপজেলার বাজেলিয়া এলাকায় পানিতে তলিয়ে যাওয়া সড়কের ওপর জাল হাতে মাছ ধরছেন স্থানীয়রা। অনেকেই ছাতা মাথায় দিয়ে পানি ভেঙে গন্তব্যে পৌঁছার চেষ্টা করছেন। বন্যার এই দুর্যোগের মধ্যেও জীবিকার তাগিদে এবং পরিবারের খাদ্যের ব্যবস্থা করতে অনেককে পানিতে নামতে হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাসিন্দাদের বক্তব্য

স্থানীয় বাসিন্দা মো. নুরুল ইসলাম বলেন, ‘জীবনে অনেক বন্যা দেখেছি, কিন্তু এবার পানির স্রোত ও পরিমাণ অনেক বেশি। ঘরে পানি ঢুকে গেছে। পরিবারের সদস্যদের নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছি।’

আরেক বাসিন্দা আবদুল কাদের বলেন, ‘দুই দিন ধরে কাজকর্ম বন্ধ। বাজারে যেতেও কষ্ট হচ্ছে। পানিতে মাছ উঠেছে দেখে অনেকে জাল নিয়ে নেমেছে; যা পাই তা দিয়েই সংসার চালানোর চেষ্টা করছি।’

ব্যবসায়ী মো. সেলিম বলেন, ‘দোকান বন্ধ রাখতে হয়েছে। সড়কে পানি থাকায় ক্রেতা নেই। বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক সমস্যার কারণে ব্যবসা-বাণিজ্যও স্থবির হয়ে পড়েছে।’

পানিবন্দি পরিবার ও প্রশাসনের পদক্ষেপ

বন্যার পানিতে নিম্নাঞ্চলের অসংখ্য পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। অনেকেই আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন। স্থানীয়দের দাবি, দ্রুত ত্রাণ সহায়তা বৃদ্ধি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমদুল হাসান বলেন, ‘পুরো সাতকানিয়া বর্তমানে বন্যাকবলিত। অনেক এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নেটওয়ার্ক সমস্যার কারণে সব স্থানের তথ্য পাওয়া যাচ্ছে না। প্রশাসন পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে।’