দুপুরে কোরআন পাঠের সময় পাহাড়ধসে মাদ্রাসা চাপা
বুধবার (৮ জুলাই) বেলা ২টার দিকে কক্সবাজারের উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৩ ব্লকের পাহাড়ের পাদদেশে অবস্থিত খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা ও হেফজখানায় পাহাড়ধসে আটজন নিহত হয়েছেন। এ সময় ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত ও আহতদের পরিচয়
মৃত আটজনের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন: ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হাসিম উল্লাহর মেয়ে রাশিদা বেগম (১৩), আবদুস শুকুরের দুই মেয়ে উন্মে নেজাতুল (১৩) ও উন্মে সালমা (১২) এবং মো. ইলিয়াছের মেয়ে উমাইসা বিবি (১৩)। বাকিদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
গুরুতর অবস্থায় আরও তিনজন শিশু-কিশোরীকে আশ্রয়শিবিরের কুতুপালং ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন: ৩ নম্বর ক্যাম্পের দিল মোহাম্মদের মেয়ে আসরা বেগম (৯), একই ক্যাম্পের এফ-১ ব্লকের নুরুল আমিনের মেয়ে বেগম জান (১৫) ও ৫ নম্বর ক্যাম্পের এ-৭ ব্লকের বশির আহমদের মেয়ে ফারেসা বিবি (১২)। তাদের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া মাদ্রাসার শিক্ষিকা বেগম জাহানকেও উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বর্ণনা
বেঁচে ফেরা শিক্ষিকা বেগম জাহান ঘটনার বর্ণনা দিয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের এখানে ২৫ জনের মতো শিশু পড়ছিল। সবাইকে কোরআন শরিফ পড়াচ্ছিলাম। হঠাৎ বিকট শব্দে পাহাড়ধসে খাদে নির্মিত দেয়াল মাদ্রাসার ওপর ধসে পড়ে। মুহূর্তেই চারদিক ধুলায় অন্ধকার হয়ে যায়। আমরা সবাই মাটির নিচে চাপা পড়ি। শিশুরা চিৎকার করতে করতে যে যেদিকে পেরেছে, সেদিকে দৌড়াতে শুরু করে। পশ্চিম পাশের দরজাটি খোলা থাকায় আমরা কয়েকজন বের হতে পেরেছিলাম। কিন্তু পূর্ব পাশে থাকা অনেক শিশু বের হওয়ার সুযোগ পায়নি। তাদের কেউ চাপা পড়ে মারা গেছে, আবার কেউ গুরুতর আহত হয়েছে।’
কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘ভাগ্য যাদের ভালো ছিল, শুধু তারাই বের হয়ে বাঁচতে পেরেছে। আমরা সাতজন নারী শিক্ষক সেখানে পাঠদান করাচ্ছিলাম। তখন ২৫ জন শিক্ষার্থী কোরআন শিক্ষা নিচ্ছিল। এমন ভয়াবহ দৃশ্য জীবনে কখনও দেখিনি। শিশুদের কান্না ও আর্তনাদ এখনও কানে বাজছে আমার।’
উদ্ধার অভিযান ও তদারকি
ফায়ার সার্ভিসের নেতৃত্বে এবং সিসিসিএমের স্বেচ্ছাসেবকদের সহায়তায় সন্ধ্যা ৬টার দিকে উদ্ধার অভিযান শেষ হয়েছে। ঘটনাস্থলে এপিবিএন সদস্যরা রয়েছেন। পুরো উদ্ধার কার্যক্রম তদারকি করেছেন কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয়ের কর্মকর্তারা।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকাল থেকে আশ্রয়শিবিরে ভারী বর্ষণ হচ্ছিল। বেলা ২টার দিকে পাহাড়ের নিচে নির্মিত ওই মহিলা হেফজখানার ওপর দেয়াল ধসে পড়ে। হইচই ও চিৎকার শুনে স্থানীয় রোহিঙ্গারা এগিয়ে আসেন। স্থানীয় ক্যাম্প প্রশাসন, এপিবিএন ও স্বেচ্ছাসেবীরা উদ্ধার কাজে যোগ দেন।
সরকারি তথ্য
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ক্যাম্প-৫ এলাকা থেকে এ পর্যন্ত আটজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে চারজন ঘটনাস্থলেই এবং অপর চারজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ১৩ শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। তাদের ক্যাম্প-৩-এর জিকে হাসপাতাল, ক্যাম্প-৫-এর ফ্রেন্ডশিপ হাসপাতাল এবং ক্যাম্প-৬-এর আইআরসি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।



