টানা বৃষ্টিতে চার বিভাগে বন্যা, পাহাড়ধসে ৩০ জনের মৃত্যু
টানা বৃষ্টিতে চার বিভাগে বন্যা, পাহাড়ধসে ৩০ জনের মৃত্যু

দেশজুড়ে গত প্রায় পাঁচদিন ধরে টানা বৃষ্টি চলছে, যা আজ শুক্রবারও অব্যাহত থাকতে পারে। এতে দেশের অন্তত চার বিভাগের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রাম বিভাগ, যেখানে পাহাড় ধসে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। ওই বিভাগের অনেক স্থানে সড়ক যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়েছে।

ভারী বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভারী বৃষ্টি চলতে পারে আগামীকাল শনিবার এমনকি রোববার পর্যন্ত। আজ রাজধানীতেও সারাদিন থেমে থেমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা আজ সকালে বলেন, গত পাঁচদিন ধরে দেশে বৃষ্টির মূল কারণ ছিল বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ, যা এখন চলে গেছে। বর্তমানে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বৃষ্টি হচ্ছে। মৌসুমী বায়ুর প্রভাব দেশের সর্বত্রই দেখা যাচ্ছে।

অতি ভারী বৃষ্টিপাতের রেকর্ড

আবহাওয়াবিদদের মতে, কোনো এলাকায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তাকে ভারী বৃষ্টি এবং তার বেশি হলে অতি ভারী বৃষ্টি বলে। গত চার দিনে কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, ময়মনসিংহ, নেত্রকোনা ও কিশোরগঞ্জসহ বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টি হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত) সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চট্টগ্রামে, ২১৪ মিলিমিটার। আজ রাজধানীতে সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত ১৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চার বিভাগে বেশি বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজ জানান, পরিস্থিতি বিবেচনায় আজও দেশের প্রায় সর্বত্র বৃষ্টি থাকবে, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পানিবন্দী লাখো মানুষ, যোগাযোগ বিচ্ছিন্ন

টানা বৃষ্টিতে চট্টগ্রামসহ ছয়টি জেলায় পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। চট্টগ্রাম নগরে জলাবদ্ধতা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও শমসের পাড়াসহ কিছু এলাকায় এখনো পানি জমে রয়েছে। চট্টগ্রাম নগরে রেলপথ থেকে পানি না কমায় আজ শুক্রবার পর্যন্ত কক্সবাজারের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনমাস্টার আবু জাফর মজুমদার। পাহাড়ধসের মাটি ও বন্যার পানিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ চারটি সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে।

আগামী কয়েক দিনের পূর্বাভাস

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, আগামীকাল শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে বলে ধরে নেওয়া হয়েছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে রোববারও বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ভারী না হলেও বৃষ্টির ধারা সোমবার পর্যন্ত থাকতে পারে।