দুর্যোগ মোকাবিলায় এনজিও-এমএফআই তহবিল চালু
দুর্যোগ মোকাবিলায় এনজিও-এমএফআই তহবিল চালু

বাংলাদেশে স্থানীয়ভাবে পরিচালিত মানবিক অর্থায়ন ও দুর্যোগ মোকাবিলায় চালু হয়েছে ‘এনজিও–মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশন (এমএফআই) রিসোর্সড পুলড ফান্ড’। সোমবার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই তহবিলের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মন্ত্রীর বক্তব্য

যৌথ এই উদ্যোগকে দেশের ‘বিপদের দিনে’ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই উদ্যোগ নিঃসন্দেহে দেশের উন্নয়নে এবং দুর্যোগের সময়ে বড় রকমের সহায়ক শক্তি হয়ে থাকবে।

তহবিলের উদ্দেশ্য

তহবিলের উদ্যোক্তা ‘স্টার্ট বাংলাদেশ হাব’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই তহবিল জাতীয় এনজিও এবং মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশনগুলোর সমন্বিত সক্ষমতা ও সম্পদকে কাজে লাগাবে। এর মাধ্যমে একটি টেকসই ও স্থানীয়ভাবে সংগঠিত জরুরি অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলা হবে। এটি প্রান্তিক জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি, পূর্বাভাসভিত্তিক কার্যক্রম জোরদার এবং দুর্যোগকালীন দ্রুত মানবিক সহায়তা নিশ্চিতে কাজ করবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অংশগ্রহণকারী প্রতিষ্ঠান

তহবিলে অংশ নেওয়া জাতীয় এনজিওগুলোর মধ্যে রয়েছে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও), ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি), পপি এবং এসকেএস ফাউন্ডেশন। স্টার্ট বাংলাদেশ হাব জানিয়েছে, তারা দেশি-বিদেশি ৪০টি এনজিওর একটি জোট, যাতে ২২টি স্থানীয় ও ১৮টি আন্তর্জাতিক এনজিও রয়েছে। দ্রুত অর্থায়ন ও স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে স্থানীয় মানবিক কার্যক্রমকে শক্তিশালী করাই তাদের মূল লক্ষ্য।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অনুষ্ঠানের অন্যান্য অতিথি

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান জাকির আহমেদ খান, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান (ইভিসি) মোহাম্মদ হেলাল উদ্দিন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান এবং এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) মোহাম্মদ জাকারিয়া।

এ ছাড়া অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মাটিল্ডা সভেনসন, ব্রিটিশ হাইকমিশনের হিউম্যানিটারিয়ান প্রোগ্রাম ম্যানেজার মুসাউইর আহমেদ, ইউরোপিয়ান সিভিল প্রটেকশন অ্যান্ড হিউম্যানিটারিয়ান এইড অপারেশনসের ঢাকা অফিসপ্রধান দাভিদে জাপ্পা এবং জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী অফিসের পার্টনারশিপস সিনিয়র অফিসার সৈকত বিশ্বাসসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।