কালবৈশাখী ঝড়ে সাত জেলায় ১০ জনের মৃত্যু, ব্যাপক ক্ষয়ক্ষতি
কালবৈশাখী ঝড়ে ১০ জনের মৃত্যু, ব্যাপক ক্ষয়ক্ষতি

দেশের কয়েকটি জেলায় তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী ঝড়। এই ঝড়ে গাছ উপড়ে বসতঘরের ওপর পড়ে জামালপুরে ঘুমন্ত মা ও দুই মেয়ে, হবিগঞ্জে তিন জন, বগুড়ায় দুজন ও নওগাঁয় একজনের মৃত্যু হয়েছে।

জামালপুরে গাছ উপড়ে ঘুমন্ত মা ও দুই মেয়ের মৃত্যু

জামালপুরের মেলান্দহ উপজেলায় কালবৈশাখীতে গাছ উপড়ে বসতঘরের ওপর পড়ে মা ও দুই মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তিন জন হলেন উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী গ্রামের মৃত গণি মন্ডলের স্ত্রী খুকি বেগম (৯০), তার দুই মেয়ে ফাতে বেগম (৫০) ও ফরিদা বেগম (৪৫)। মেলান্দহ থানার উপপরিদর্শক হুমায়ুন কবীর বিষয়টি জানান।

পরিবার সূত্রে জানা গেছে, খুকি বেগমের দুই ছেলে ও দুই মেয়ে। ছোট মেয়ে ফরিদা বেগম স্বামী-সন্তান নিয়ে ঢাকায় থাকেন। কয়েক দিন আগে তিনি অসুস্থ মাকে দেখতে গ্রামের বাড়িতে আসেন। রবিবার রাতে মা ও দুই বোন একসঙ্গে খাওয়াদাওয়া শেষে একই বিছানায় ঘুমিয়ে পড়েন। সোমবার ভোরে ঝড়ে একটি গাছ উপড়ে ঘরের ওপর পড়ে। ঘটনাস্থলে তারা তিন জন মারা যান। সকালে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা তিন জনের মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের সদস্যরাও আসেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মৌলভীবাজারে ৫০টি ঘর আংশিক ও দুটি কালভার্ট ভেঙে গেছে

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে পড়ে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে ৫০টি ঘর আংশিক ও দুটি কালভার্ট ভেঙে গেছে। গাছপালা ভেঙে পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ১১ কেভি লাইনসহ তিনটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। রবিবার রাতে ও সোমবার সকালে কমলগঞ্জ উপজেলায় এসব ক্ষয়ক্ষতি হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্থানীয় সূত্রে জানা যায়, কালবৈশাখী ঝড়ে উপজেলার আদমপুর, আলীনগর, শমশেরনগর, পতনঊষার, মুন্সিবাজার ইউনিয়নসহ বিভিন্ন গ্রামে শতাধিক বসতঘর আংশিক বিধ্বস্ত হয়েছে। আদমপুর ইউনিয়নে সবচেয়ে বেশি গাছপালা ভেঙে পড়েছে। গাছপালা ভেঙে ও উপড়ে পড়ে উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে। অনেক স্থানে তার ছিড়ে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের অভিযোগ কেন্দ্রের ১১ কেভি লাইন ও প্রয়োজনীয় মালামালসহ তিনটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। দুটি কালভার্ট ভেঙে পড়ে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর ফারুক বলেন, কালবৈশাখী ঝড়ে বিভিন্ন ইউনিয়নে ঘরবাড়ি ও জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চেয়ারম্যানদের মোবাইল ফোন বন্ধ আছে। সোমবার দুপুর পর্যন্ত ৫৫টি বসতঘর আংশিক বিধ্বস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। এ ছাড়া আরও কিছু ক্ষয়ক্ষতির তথ্য বিকাল পর্যন্ত পাওয়া গেছে। আরও খোঁজখবর নিচ্ছি আমরা।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রঞ্জন কুমার ঘোষ বলেন, কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় ১৭টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে। গাছপালা ভেঙে শতাধিক মিটার বিনষ্ট হয়ে গেছে। ১৫০টি স্থানে বৈদ্যুতিক তার ছিঁড়ে গেছে। ফলে ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুতের লাইন মেরামত করতে একটু বেশি সময় লাগবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ৫৫টি ঘর আংশিক বিধ্বস্ত, দুটি কালভার্ট ও গাছগাছালি ভেঙে বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্তের তথ্য পাওয়া গেছে। জরুরিভাবে দুর্যোগ মোকাবিলায় ইতিমধ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে আর্থিক সহযোগিতা করা হবে।

বগুড়ায় ঝড়ে গাছ পড়ে দুজনের মৃত্যু

কালবৈশাখীর ঝড়ে বগুড়ার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাবতলীতে গাছ দোকানে ভেঙে পড়ে উমা চন্দ্র রায় (৫২) নামে এক পান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার ভোরে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের লাঠিগঞ্জ বাজারে দোকানের ওপর পুরাতন বটগাছ উপড়ে পড়ে। গাবতলী থানার ওসিরাকিব হোসেন এ তথ্য জানিয়েছেন।

নিহত উমা চন্দ্র রায় গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের চকরাধিকা পশ্চিমপাড়া গ্রামের মৃত কালিদাস রায়ের ছেলে। তিনি লাঠিগঞ্জ বাজারে একটি দোকানে পানের ব্যবসা করতেন। রবিবার রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ প্রবল বাতাসের সঙ্গে কালবৈশাখী ঝড় শুরু হয়। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে একটি বিশাল বটগাছ উপড়ে দোকানের ওপর আছড়ে পড়ে। এতে দোকানটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে ঘুমিয়ে থাকা ব্যবসায়ী উমা চন্দ্র রায় গাছের চাপায় ঘটনাস্থলেই মারা যান। পরে গাবতলী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে গাছ কেটে মরদেহটি উদ্ধার করেন।

ওসি রাকিব হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত পান ব্যবসায়ী উমা চন্দ্র রায়ের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

এদিকে সারিয়াকান্দিতে কালবৈশাখী ঝড়ে উপড়ে পড়া গাছ সরাতে গিয়ে দিলবর সরদার (৫৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার নিজ বাটিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। উপজেলা প্রশাসন মৃতের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে।

দিলবর সরদার সারিয়াকান্দি উপজেলার নিজ বাটিয়া গ্রামের মৃত জালাল সরদারের ছেলে। রবিবার রাতে সারিয়াকান্দির নিজ বাটিয়া গ্রামে ঝড় ও বৃষ্টি হয়। এ সময় দিলবরের একটি ইউক্যালিপটাস গাছ প্রতিবেশীর ঘরের ওপড়ে উপড়ে পড়ে। তিনি সোমবার সকাল ৮টার দিকে ওই গাছটি সরানোর চেষ্টা করেন। সম্ভব না হলে গাছ কাটার একপর্যায়ে মাটিতে পড়ে যান। এ সময় একটি বড় ডাল তার গায়ের ওপরে পড়ে। এতে তিনিমাথায় গুরুতর আঘাত পান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়াফেরদৌস বলেন, নিহতের পরিবারকে আপাতত ১৫ হাজার টাকা এবং শুকনো খাবার সহায়তা দেওয়া হয়েছে।

নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

নওগাঁর আত্রাইয়ে কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে বেদে সম্প্রদায়ের অন্তঃসত্ত্বা আরাফাতুন (২০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে ভোরে সরকারি কলেজ মাঠ সংলগ্ন আত্রাই নদীর তীরে বেদে পল্লীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আত্রাই নদীর তীরে বেদে সম্প্রদায়ের ২৫ থেকে ৩০টি পরিবার পলিথিনের ছাউনি দিয়ে বসবাস করে আসছিলেন। হঠাৎ করে ভোরের দিকে ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় একটি ইউক্যালিপটাস গাছ ভেঙে পড়লে তার নিচে চাপা পড়েন ওই নারী। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিক্যাল কলেজে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, ঝড়ে গাছ পড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাদের সার্বিক সহযোগিতার জন্য আশ্বাস দেওয়া হয়েছে।

হবিগঞ্জে তিন জনের মৃত্যু

হবিগঞ্জ জেলায় কালবৈশাখীর তাণ্ডবে জনজীবন স্থবির হয়ে পড়েছে। গত কয়েকদিন ধরে প্রতিদিন ৪-৫ বার করে বজ্রপাত, দমকা হাওয়া, প্রবল ঝড় ও ভারী বৃষ্টিপাতসহ শিলাবৃষ্টি আঘাত হানছে বিভিন্ন এলাকায়। সোমবার কালবৈশাখীর তাণ্ডবে জেলায় অন্তত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।