শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় প্রচণ্ড ঝড়ে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে। ভেঙেছে ঘরবাড়ি। ঝড় চলাকালে গাছচাপায় এক বৃদ্ধার মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (২৩ মে) দুপুরের দিকে উপজেলার নন্নী ইউনিয়নের পশ্চিম পাড়ায় নিহতের ঘটনা ঘটে। নিহত বেগম (৬৫) উপজেলার নন্নী গ্রামের মৃত আব্দুর রহমানের স্ত্রী।
ঝড়ের বিবরণ
স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে হঠাৎ করে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হচ্ছিল। এ সময় আকস্মিক টর্নেডো আঘাত হানে। দেড় থেকে দুই মিনিটের আকস্মিক এই টর্নেডোর ছোবলে নন্নী পশ্চিম পাড়ায় রান্না করতে সময় একটি গাছ ঘরের উপড়ে পড়লে গাছের নিচে চাপা পড়ে বেগম নামে এক বৃদ্ধা মারা যান।
ক্ষয়ক্ষতির পরিমাণ
উপজেলার পোড়াগাঁও, নন্নী, রাজনগর, নয়াবলি ও যোগানয়িা ইউনিয়ন হয়ে বেশকিছু গ্রামের উপর দিয়ে এই ঝড় বয়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নন্নী ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল্লাহ জানান, নন্নী পশ্চিম পাড়ায় গাছের নিচে চাপা পড়ে বেগম নামে এক বৃদ্ধা মারা গেছেন।
প্রশাসনের পদক্ষেপ
নালিতাবাড়ী থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, ঝড়ে গাছচাপা পড়ে এক বৃদ্ধার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেক জানান, ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেগম নামে একজন বৃদ্ধা মহিলা নিহত হয়েছেন। উপজেলা পরিষদের পক্ষ থেকে তার দাফন কাফনের জন্য নগদ ২৫ হাজার টাকা দেওয়া হচ্ছে।



