চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী, বোয়ালখালীসহ তিন পার্বত্য জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসা সেবা অব্যাহত রেখেছে সেনাবাহিনী। চট্টগ্রাম সেনানিবাস এবং তিন পার্বত্য রিজিয়ন হতে গত ২৪ ঘণ্টায় ছোট ছোট মোবাইল টিমে বিভক্ত হয়ে বিভিন্ন দুর্গম ও প্রান্তিক এলাকায় সেনাবাহিনীর বিভিন্ন দল এসব কার্যক্রম পরিচালনা করে।
ত্রাণ ও চিকিৎসা সেবার অগ্রগতি
চট্টগ্রাম ও তিন পার্বত্য জেলায় এখন পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের মধ্যে শুকনো খাবার ও বিশুদ্ধ খাবার পানি পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়াও প্রায় ৫ হাজার লোকের মাঝে জরুরি চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গুইমারা রিজিয়নের অধীন লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর, হারুয়ালছড়িসহ আশপাশের বন্যাকবলিত এলাকায় জরুরি ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়।
পর্যটক উদ্ধার ও ভবিষ্যৎ পরিকল্পনা
সাজেকসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে জেলা শহরগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে। চলমান বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী থাকবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।



