যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা ইরানে তৃতীয় দফায় বিমান হামলা শুরু করেছে। হরমুজ প্রণালিতে সাইপ্রাসের পতাকাবাহী একটি কনটেইনার জাহাজে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) হামলা চালিয়েছে বলে মার্কিন সামরিক বাহিনী অভিযোগ তোলার পর এই পদক্ষেপ নেওয়া হলো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
ইরানের পাল্টা আঘাত ও হরমুজ বন্ধের ঘোষণা
হরমুজ প্রণালিতে একটি জাহাজকে লক্ষ্য করে তেহরানের হামলার জবাবে যুক্তরাষ্ট্রের ইরানে হামলার পর যুক্তরাষ্ট্রের মিত্র জর্ডানের একটি সামরিক ঘাঁটির কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং ড্রোন হ্যাঙ্গার ধ্বংসের দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। আইআরজিসির দাবি, অনুমোদনহীন পথে চলাচলকারী একটি জাহাজকে সতর্কতামূলক গুলি ছোড়া হয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে তারা জানিয়েছে, সতর্কতামূলক গুলিতে জাহাজটি থেমে যায়। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
লিন্ডসে গ্রাহামের মৃত্যু
যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটর এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী লিন্ডসে গ্রাহাম শনিবার (১১ জুলাই) মারা গেছেন বলে জানিয়েছে তার পরিবার। গ্রাহামের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে পরিবার জানায়, এই অত্যন্ত কঠিন সময়ে সিনেটর গ্রাহামের পরিবারের জন্য সবার কাছে দোয়া কামনা করছি এবং ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানাচ্ছি। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
ভারতে পরিবহনমন্ত্রীর বাস ভ্রমণ
একটি আকস্মিক পরিদর্শন শেষ পর্যন্ত ভারতের কর্ণাটক রাজ্যের পরিবহন মন্ত্রী বাইরাথি সুরেশের জন্য এক রূঢ় বাস্তবতার মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা তৈরি করলো। বাসের কন্ডাক্টর তার কাছে টিকিটের সঠিক খুচরো টাকা না পেয়ে তাকে বেঙ্গালুরুর একটি বিএমটিসি বাস থেকে নেমে যাওয়ার নির্দেশ দেন। শনিবার যাত্রীবেশে ভ্রমণ করার সময় সাধারণ যাত্রীদের প্রতিদিনের ভোগান্তি এভাবেই প্রথম হাতেনাতে টের পেলেন স্বয়ং পরিবহনমন্ত্রী।
সমুদ্রের নিচে ‘অদৃশ্য স্বর্ণ’
জাপানের দক্ষিণ-পূর্ব উপকূলে সমুদ্রের তলদেশে থাকা এক বিশাল আগ্নেয়গিরির জ্বালামুখে বিপুল পরিমাণ স্বর্ণের সন্ধান পেয়েছেন জাপানি গবেষকেরা। সেখানকার সক্রিয় ব্ল্যাক স্মোকার চিমনি ও হাইড্রোথার্মাল ঢিবিগুলো অনবরত স্বর্ণ তৈরি করে চলেছে। তবে এই স্বর্ণ খালি চোখে বা সাধারণ অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখার কোনও উপায় নেই। সমুদ্রের তলদেশের নানা উপাদানের ভেতরে লুকিয়ে থাকা এই স্বর্ণকে গবেষকেরা বলছেন ‘অদৃশ্য স্বর্ণ’। এই পানির নিচের জ্বালামুখে লুকিয়ে থাকা স্বর্ণের ঘনত্ব বিশ্বজুড়ে এ পর্যন্ত রেকর্ড করা সব স্থানের চেয়ে সর্বোচ্চ।
খামেনির জানাজায় রহস্যময় ব্যক্তি
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় প্রথম সারিতে বসা কালো মাস্ক ও কালো ক্যাপ পরিহিত এক রহস্যময় ব্যক্তিকে নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছিল তীব্র কৌতূহল। অবশেষে সেই রহস্যের জট খুলেছে। ইরানি সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল-এর এক প্রতিবেদন অনুযায়ী, ওই ব্যক্তি খামেনির ছেলে বা সম্ভাব্য উত্তরসূরি মোজতবা খামেনি নন, বরং তিনি প্রয়াত নেতার বড় নাতি মোহাম্মদ জাভাদ খামেনি।
৩৫ বছর পর ঋণ শোধ
ফোন নম্বর নেই, নেই কোনও ঠিকানা বা যোগাযোগের মাধ্যম। শুধু টিকে ছিল এক টুকরো আবছা স্মৃতি আর কয়েক দশক আগের এক মৌখিক প্রতিশ্রুতি। সেই সম্বল নিয়েই দীর্ঘ ৩৫ বছর পর পুরোনো বন্ধুর খোঁজে কেরালা থেকে তেলেঙ্গানায় পাড়ি জমালেন ইসমাইল নামের এক ব্যক্তি। উদ্দেশ্য একটাই, সৌদি আরবে থাকার সময় বন্ধুর কাছ থেকে নেওয়া ধারের টাকা পরিশোধ করা। অবশেষে গত ৯ জুলাই তেলেঙ্গানার জাগতিয়াল জেলার ধর্মপুরীতে গিয়ে ইসমাইল তার পুরোনো সহকর্মী ও বন্ধু এদলা লাচান্নাকে খুঁজে পান এবং বহু বছর আগের সেই ঋণ শোধ করে এক অনন্য সততার নজির গড়েন।
জার্মানিতে ইসরায়েল-বিরোধী বক্তব্যে কারাদণ্ডের প্রস্তাব
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি এবং ফিলিস্তিনপন্থি সক্রিয়তার ওপর দমন-পীড়ন জোরদার করার মধ্যেই ইসরায়েলের অস্তিত্ব অস্বীকারকারীদের কারাদণ্ড দেওয়ার একটি প্রস্তাবিত আইনের পক্ষে সমর্থন দিয়েছে জার্মানির পার্লামেন্টের উচ্চকক্ষ। জার্মানির উচ্চকক্ষ বুন্দেসরাত শুক্রবার হেস রাজ্য কর্তৃক উত্থাপিত এই প্রস্তাবটির অনুমোদন দেয়। গ্রীষ্মকালীন অবকাশের পর পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্দেসতাগে এটি আলোচনার জন্য তোলা হবে বলে আশা করা হচ্ছে। এই খসড়া আইনের অধীনে, কেউ যদি জনসমক্ষে ইসরায়েলের টিকে থাকার অধিকার অস্বীকার করে কিংবা এই রাষ্ট্রটি বিলুপ্ত করার আহ্বান জানায়, তবে তাকে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড বা অর্থদণ্ডে দণ্ডিত হতে হবে।
পশ্চিম তীরে মার্কিন আইনপ্রণেতাকে আটক
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি মানবাধিকার লঙ্ঘনের চিত্র সশরীরে দেখতে গিয়ে চরম হেনস্তার শিকার হয়েছেন মার্কিন ডেমোক্র্যাটিক কংগ্রেস সদস্য রো খান্না। ফিলিস্তিনি সম্প্রদায়ের খোঁজখবর নেওয়ার সময় আমেরিকার তৈরি অস্ত্রধারী ইসরায়েলি সেটলাররা তাকে বন্দুকের নলের মুখে আটকে রাখে। ক্যালিফোর্নিয়ার প্রগতিশীল এই আইনপ্রণেতা শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, আমার ফিলিস্তিন সফরের সময় আমেরিকার তৈরি এম-৪ রাইফেল উঁচিয়ে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা আমাকে এবং অন্য আমেরিকানদের আটকে রাখে।



