প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক, আদালতে বিয়ের প্রস্তুতি
প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক, বিয়ের প্রস্তুতি

ভাষা, সংস্কৃতি ও হাজারও কিলোমিটারের ভৌগোলিক দূরত্ব—সব বাধা পেরিয়ে প্রেমের টানে চীন থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ছুটে এসেছেন এক চীনা যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে শুরু হওয়া সম্পর্ক মাত্র তিন মাসের ব্যবধানে পৌঁছেছে বিয়ের দ্বারপ্রান্তে। ব্যতিক্রমী এই প্রেমের গল্প এখন এলাকাজুড়ে আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে।

কীভাবে শুরু হয়েছিল সম্পর্ক

স্থানীয় সূত্রে জানা যায়, নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের কাঠালিয়া গ্রামের বাসিন্দা স্বপ্না আক্তারের সঙ্গে চীনের সিচুয়ান প্রদেশের লুজোউ শহরের লুজিয়ান এলাকার বাসিন্দা জিয়াঐলির (৩৯) পরিচয় হয় সামাজিক যোগাযোগমাধ্যম ‘হ্যালোটক’-এ। নিয়মিত কথোপকথনের মাধ্যমে ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে ওঠে ঘনিষ্ঠতা, যা পরে প্রেমের সম্পর্কে রূপ নেয়।

বাংলাদেশে আগমন

সম্প্রতি প্রেমিকার সঙ্গে দেখা করতে বাংলাদেশে আসেন জিয়াঐলি। সোমবার (১৫ জুন) রাতে তিনি নবীনগরে পৌঁছান। বর্তমানে স্বপ্না উপজেলার নীলনগর এলাকায় তার মামার বাড়িতে অবস্থান করছেন। সেখানে পৌঁছার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। বিদেশি যুবকের আগমনের খবর দ্রুত ছড়িয়ে পড়লে তাকে একনজর দেখতে শত শত উৎসুক মানুষ ভিড় করেন। ইতোমধ্যে তাদের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্বপ্না আক্তারের বক্তব্য

স্বপ্না আক্তার জানান, বিয়ের উদ্দেশ্যেই জিয়াঐলি বাংলাদেশে এসেছেন। তিনি বলেন, প্রায় তিন মাস ধরে আমাদের যোগাযোগ চলছে। আমার পারিবারিক অবস্থার কথা জানার পরও তিনি কোনো আপত্তি করেননি। পরে পরিবারের সদস্যদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে বিয়ের সম্মতি আদায় করি। তিনি আরও জানান, চলতি মাসের শুরুতে জিয়াঐলি বাংলাদেশে আসেন এবং ঢাকার উত্তরায় অবস্থান করেন। পরবর্তীতে নবীনগরে আসার ইচ্ছা প্রকাশ করলে তাকে নিজেই নিয়ে আসেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিয়ের পরিকল্পনা

স্বপ্না ও তার পরিবারের সদস্যদের ভাষ্য- বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে তারা ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে যাবেন। ইসলাম ধর্ম গ্রহণের পর মুসলিম রীতিতে তাদের বিয়ে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

স্থানীয়দের প্রতিক্রিয়া

এলাকাবাসীর একাংশের মধ্যে শুরুতে জিয়াঐলির পরিচয় নিয়ে সংশয় দেখা দিলেও তিনি তার চীনা পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করেন। এতে সন্দেহের অবসান ঘটে। স্থানীয়দের মতে, প্রেমের টানে বিদেশ থেকে নবীনগরের মতো প্রত্যন্ত এলাকায় কোনো যুবকের আগমনের ঘটনা এ অঞ্চলে বিরল। সামাজিক, সাংস্কৃতিক ও ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে দুই ভিন্ন দেশের মানুষের এই সম্পর্ককে অনেকেই ইতিবাচক দৃষ্টিতে দেখছেন।

সবকিছু ঠিক থাকলে আদালতের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মুসলিম রীতিতে তাদের বিয়ে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এ ঘটনাকে ঘিরে নবীনগরজুড়ে এখন কৌতূহল, আলোচনা বিরাজ করছে।