বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি— সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ১২ মে (মঙ্গলবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।
চীনের এজেন্ট হয়ে কাজ করতেন ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়র
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি উপশহরের সাবেক মেয়র চীনের একজন অনিবন্ধিত বিদেশি প্রতিনিধি হিসেবে কাজ করার কথা স্বীকার করেছেন। দেশটির বিচার বিভাগ সোমবার জানিয়েছে, আর্কেডিয়ার সাবেক মেয়র আইলিন ওয়াং ২০২০ সালের শেষ দিক থেকে ২০২২ সাল পর্যন্ত একটি বিদেশি সরকারের অবৈধ এজেন্ট হিসেবে কাজ করেছেন। খবর আল-জাজিরার।
সড়কে নামাজে নিষেধাজ্ঞা পশ্চিমবঙ্গ সরকারের
পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকারের ক্ষমতায় আসার পরই সড়কে নামাজ পড়া বন্ধে পদক্ষেপ নিয়েছে। দলটির বিধায়ক অর্জুন সিং জানিয়েছেন ইতোমধ্যে এ বিষয়ে সরকারি পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানিয়েছেন। বিজেপি বিধায়ক অর্জুন সিং জানিয়েছেন, এখন থেকে রাস্তায় কোনও ধর্মীয় জমায়েত বা প্রার্থনা মেনে নেওয়া হবে না।
ডলারের বিপরীতে ভারতীয় রুপির রেকর্ড দরপতন
যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান নতুন রেকর্ড নিম্নতায় নেমেছে। মঙ্গলবার (১২ মে) এক ডলারের বিপরীতে রুপির দর দাঁড়িয়েছে ৯৫ দশমিক ৫৮, যা দেশটির ইতিহাসে সর্বনিম্ন। অপরিশোধিত জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং ইরানকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনায় আর্থিক বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় ভারতের বৈদেশিক ভারসাম্যের ওপর চাপ আরও বেড়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।
ফের হামলা হলে ৯০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের হুমকি ইরানের
ইরানের ভূখণ্ডে যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবারও হামলা চালায়, তবে তার পাল্টা জবাব হিসেবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ৯০ শতাংশে উন্নীত করার হুমকি দিয়েছে তেহরান। ইরানের সংসদীয় কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজায়ি এই হুঁশিয়ারি দেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
নিজের জ্যোতিষীকে সরকারে নিয়োগ দিয়ে বিতর্কে বিজয়
তামিলনাড়ুর রাজ্য সংগীত নিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন বিতর্কে জড়ালেন নবনিযুক্ত মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়। নিজের ব্যক্তিগত জ্যোতিষী রাধন পণ্ডিত ভেট্রিভেলকে মুখ্যমন্ত্রীর বিশেষ কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি। এই জ্যোতিষীই ভবিষ্যদ্বাণী করেছিলেন যে নির্বাচনে বিজয় ভূমিধস জয় পাবেন। তার এই নিয়োগে শরিক দল কংগ্রেসসহ বিভিন্ন মহলে শুরু হয়েছে তীব্র সমালোচনা।



