মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সামরিক সক্ষমতা নিয়ে তীব্র কটাক্ষ ও হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ইরান অনেক বেশি সময় নষ্ট করেছে এবং এখন দেশটিকে ‘চড়া মূল্য’ দিতে হবে।
ট্রুথ সোশ্যালে ট্রাম্পের বার্তা
ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ইরানকে উদ্দেশ্য করে কড়া বার্তা দেন। তিনি ইরানের সামরিক বাহিনীকে ‘সম্পূর্ণ ও চরম বিশৃঙ্খলা’ বলে আখ্যায়িত করে পূর্বের দাবি পুনর্ব্যক্ত করেন।
ইরানের সামরিক শক্তি নিয়ে মন্তব্য
প্রেসিডেন্ট ট্রাম্প মন্তব্য করেন, ইরানের নৌ ও বিমান বাহিনীসহ পুরো সামরিক শক্তির এখন আর কোনো অস্তিত্ব নেই। তিনি দাবি করেন, ইরান পুরোপুরি পরাস্ত হয়েছে এবং ‘ইরান কেবল মুখের কথায় পটু, কাজের কাজ কিছুই করতে পারে না। মধ্যপ্রাচ্যের সেই মাস্তান এখন মৃত!!!’
চুক্তি আলোচনায় দেরি
যুক্তরাষ্ট্রের সাথে একটি সুবিধাজনক চুক্তিতে আসার জন্য ইরান অনেক দীর্ঘ সময় পার করে দিয়েছে উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, তারা এমন একটি চুক্তির জন্য আলোচনা করতে বড্ড বেশি সময় নিয়ে নিয়েছে যা তাদের নিজেদের জন্যই দারুণ হতে পারত। কিন্তু এখন তাদের এর খেসারত দিতে হবে। তবে চড়া মূল্য বলতে তিনি সুনির্দিষ্টভাবে কী ধরনের পদক্ষেপের কথা বোঝাচ্ছেন, সে বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি।
সূত্র: আল-জাজিরা।



