ভারতের ওপর নিষেধাজ্ঞার হুমকি উল্টো ফল দেবে: পুতিন
ভারতের ওপর নিষেধাজ্ঞার হুমকি উল্টো ফল দেবে: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ভারতের ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞা বা চাপ প্রয়োগের চেষ্টা করা হলে তা উল্টো ফল বয়ে আনবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত সবসময় নিজের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত নেয় এবং ভবিষ্যতেও সেই নীতি অনুসরণ করবে।

সেন্ট পিটার্সবার্গ ফোরামে পুতিনের বক্তব্য

শুক্রবার (৫ জুন) সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরাম-এ বক্তব্য দেওয়ার সময় পুতিন ভারতের কৌশলগত স্বাধীনতার প্রতি জোরালো সমর্থন জানান। তিনি বলেন, একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভারত তার প্রতিরক্ষা ও অর্থনৈতিক অংশীদার বেছে নেওয়ার পূর্ণ স্বাধীনতা রাখে। খবর এনডিটিভির।

পুতিন বলেন, "ভারত সবসময় একটি সার্বভৌম দেশ হিসেবে কাজ করেছে। প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে সম্ভাব্য কোনো নিষেধাজ্ঞার হুমকি তাৎক্ষণিকভাবে উল্টো ফল বয়ে আনবে।"

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি আরও বলেন, "ভারত একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। তারা নিজেদের প্রয়োজন অনুযায়ী সবচেয়ে আধুনিক ও উপযোগী পণ্য নির্বাচন করার অধিকার রাখে। অন্যরা যা-ই বলুক না কেন, ভারত সবসময় এভাবেই সিদ্ধান্ত নিয়ে এসেছে।"

প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও নিষেধাজ্ঞা

ভারত যদি রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধবিমান এসইউ-৫৭ বা এস-৫০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনে, তাহলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিষেধাজ্ঞার চাপ আসতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে পুতিন বলেন, নয়াদিল্লি বরাবরই জাতীয় স্বার্থের ভিত্তিতে স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করে এসেছে।

তার মতে, প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রে ভারতের সিদ্ধান্ত নির্ধারিত হবে কার্যকারিতা, প্রয়োজন ও মূল্যায়নের ভিত্তিতে; বাইরের কোনো রাজনৈতিক চাপের কারণে নয়।

রাশিয়া-ভারত প্রতিরক্ষা সহযোগিতা

রাশিয়া-ভারত প্রতিরক্ষা সহযোগিতা প্রসঙ্গে পুতিন বলেন, "ভারতের সঙ্গে আমাদের সহযোগিতা, অন্যান্য অংশীদারদের মতোই, রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভরশীল নয়।"

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি আরও বলেন, "কেউ আমাদের নির্দেশ দিতে পারে না যে, ‘ভারতকে এটি সরবরাহ করা যাবে না।’ আমরা আমাদের অংশীদারদের সঙ্গে করা প্রতিশ্রুতি রক্ষা করব, বিশেষ করে ভারতের মতো দেশের ক্ষেত্রে।"

এসইউ-৫৭ যুদ্ধবিমান প্রসঙ্গে

এসইউ-৫৭ যুদ্ধবিমান প্রসঙ্গে পুতিন জানান, এক সময় ভারতকে সঙ্গে নিয়ে যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়নের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সেই পরিকল্পনা বাস্তবায়িত না হওয়ায় রাশিয়া নিজ উদ্যোগে প্রকল্পটি সম্পন্ন করে।

পুতিন বলেন, "এসইউ-৫৭ একটি অত্যন্ত উন্নত যুদ্ধবিমান, সম্ভবত বর্তমানে বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমানগুলোর একটি। আমরা যৌথভাবে এটি তৈরির প্রস্তাব দিয়েছিলাম। সেটি বাস্তবায়িত হয়নি, তবে আমরা নিজেরাই এটি তৈরি করেছি এবং এখন ভারতকে এসইউ-৫৭ বিক্রির জন্য প্রস্তুত আছি।"