ইরানের কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে কোনো সামরিক হামলা চালালে তার কঠোর জবাব দেওয়া হবে। খবর টাইমস অব ইন্ডিয়ার। ইরানের সামরিক নেতাদের দাবি, যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হবে। তাদের মতে, কাতার, বাহরাইন এবং কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোও সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে।
উত্তর ইসরায়েলে সতর্কতা
এদিকে উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় বুধবার বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, আকাশসীমায় ‘শত্রু বিমান’ অনুপ্রবেশের আশঙ্কায় এ সতর্কতা জারি করা হয়। তবে সম্ভাব্য হুমকি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
হিজবুল্লাহর সাথে আংশিক যুদ্ধবিরতি
অন্যদিকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে আংশিক যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছে। সমঝোতা অনুযায়ী, ইসরায়েল বৈরুতের দক্ষিণাঞ্চলে হামলা বন্ধ রাখবে এবং হিজবুল্লাহও ইসরায়েলের বিরুদ্ধে কোনো হামলা চালাবে না। তবে এই সমঝোতা চলমান সংঘাতের পূর্ণ অবসান ঘটাবে না বলে জানিয়েছে লেবাননের দূতাবাস।



