বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি— সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ১৯ মে মঙ্গলবার বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।
রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এই লোমহর্ষক হত্যাযজ্ঞের বিবরণ। ১৯ মে মঙ্গলবার এই প্রতিবেদনটি সংস্থার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, ২০২৪ সালের ২ মে উত্তর রাখাইনের হইয়ার সিরি গ্রামে জাতিগত রাখাইন সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি অন্তত ১৭০ জন রোহিঙ্গা পুরুষ, নারী ও শিশুকে নির্বিচারে হত্যা করেছে। চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি, এমনই ভয়াবহ চিত্র ফুটে উঠেছে প্রতিবেদনে।
দক্ষিণ এশিয়ায় খাদ্য সংকটের অশনিসংকেত
হরমুজ প্রণালিতে তেল ও গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটার বিষয়টিকে আপাতদৃষ্টিতে কেবল জ্বালানি বাজারের অস্থিতিশীলতা মনে হতে পারে। তবে এর ভেতরের প্রভাব, বিশেষ করে দক্ষিণ এশিয়ার জন্য অনেক বেশি গভীর ও উদ্বেগজনক। জ্বালানি সরবরাহের এই সংকট কেবল জ্বালানির দামই বাড়াচ্ছে না, বরং এটি সার সংকট, উৎপাদন খরচ বৃদ্ধি এবং ভঙ্গুর কৃষি-খাদ্য ব্যবস্থার কারণে সামনে একটি বড় ধরনের খাদ্য সংকটের স্পষ্ট পূর্বাভাস দিচ্ছে।
যুক্তরাষ্ট্রে মামলা থেকে রেহাই পেলেন আদানি
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও ভারতের আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে হওয়া ফৌজদারি মামলা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। সোমবার জালিয়াতি মামলা থেকে এই ধনকুবেরকে রক্ষা করতে এই উদ্যোগ নেওয়া হয়। একই দিনে আদানির একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইরান নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগও নিষ্পত্তি করা হয়। খবর রয়টার্সের।
ইরানের নতুন শান্তি প্রস্তাব
যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো সর্বশেষ শান্তি প্রস্তাবের মূল শর্তগুলো প্রকাশ করেছে ইরান। মঙ্গলবার ১৯ মে তেহরানের এই শান্তি প্রস্তাব নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই শান্তি পরিকল্পনার মধ্যে লেবাননসহ সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধাবসান এবং ইরানের কাছাকাছি অঞ্চলগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি অন্তর্ভুক্ত রয়েছে। এর ঠিক একদিন আগেই পশ্চিম এশিয়ার সংঘাত বন্ধে ওয়াশিংটনের দেওয়া এক প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছিল তেহরান।
মোদিকে প্রশ্ন করে ভাইরাল সাংবাদিক
নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যৌথ মিডিয়া ব্রিফিং শেষ হওয়ার পর একটি প্রশ্নকে কেন্দ্র করে হইচই পড়ে গেছে। আলোচনার কেন্দ্রে চলে এসেছেন নরওয়ের এক স্বল্পপরিচিত সাংবাদিক হ্যাল লিং। মোদি কক্ষ ত্যাগ করার সময় তিনি চিৎকার করে প্রশ্ন করেন, ‘বিশ্বের সবচেয়ে মুক্ত গণমাধ্যমের কাছ থেকে আপনি কেন কিছু প্রশ্ন নিচ্ছেন না?’ প্রধানমন্ত্রী মোদি প্রশ্নটি শুনতে পেয়েছিলেন কিনা তা স্পষ্ট নয়, তবে তিনি কক্ষ থেকে বেরিয়ে যান। এই মুহূর্তটিই বিশ্বজুড়ে সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। এরপর থেকেই স্পটলাইট এখন হ্যাল লিং ও তার সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মকাণ্ডের ওপর।
হরমুজ নিয়ন্ত্রণে বিটকয়েনভিত্তিক ইরানি পরিকল্পনা
সোমবার ১৮ মে ইরানের শীর্ষ নিরাপত্তা প্রধানরা ‘স্ট্রেট অথরিটি’ বা প্রণালি কর্তৃপক্ষ নামে একটি নতুন সংস্থা গঠনের ঘোষণা দিয়েছেন। তারা জানিয়েছেন, এই কর্তৃপক্ষ এখন থেকে হরমুজ করিডোর দিয়ে নৌযান চলাচল ‘ব্যবস্থাপনা’ করবে। উল্লেখ্য, এই সমুদ্রপথটি দিয়েই বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পাঁচ ভাগের এক ভাগ পরিবাহিত হয়। বিটকয়েনভিত্তিক এই পরিকল্পনা আন্তর্জাতিক বাণিজ্যে নতুন মাত্রা যোগ করতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।



