ইরানের কেশম দ্বীপে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হরমুজ প্রণালির কাছে অবস্থিত এই দ্বীপে মঙ্গলবার (১৯ মে) এ ঘটনা ঘটে। ইরানি বার্তাসংস্থা মেহের নিউজ এ তথ্য জানিয়েছে। তবে বিস্ফোরণের সঠিক কারণ এখনো জানা যায়নি। সংস্থাটি জানিয়েছে, বিস্ফোরণের কারণ খুঁজে বের করতে তদন্ত চলমান রয়েছে।
ড্রোন দেখা যাওয়ার পর আকাশ প্রতিরক্ষা সক্রিয়
এর আগে, সোমবার দ্বীপটির আকাশে কয়েকটি ছোট ড্রোন দেখা যায়। পরে সেগুলো প্রতিহত করতে তেহরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে। কেশম দ্বীপ ইরানের বন্দর নগরী বন্দর আব্বাস থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত।
কেশম দ্বীপের কৌশলগত গুরুত্ব
হরমুজ প্রণালির প্রবেশদ্বারে অবস্থিত হওয়ায় কেশম দ্বীপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ইরানের সশস্ত্র বাহিনীর ঘাঁটি রয়েছে। গত সপ্তাহে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছিল, যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে হামলা শুরু করলে দেশটির গুরুত্বপূর্ণ দ্বীপ দখল করার চেষ্টা করবে। যার মধ্যে থাকবে খার্গ দ্বীপ, যেখান থেকে ইরান তাদের তেল বহির্বিশ্বে রপ্তানি করে থাকে।



