মালয়েশিয়ায় আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। দেশটির রাজা পরিষদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির সংবাদমাধ্যম ‘অ্যাস্ট্রো আওয়ানি’ জানিয়েছে, ১৪৪৭ হিজরির ১ জিলহজ শুরু হবে আগামীকাল সোমবার (১৮ মে)। সেই হিসাবে ১০ জিলহজ তথা পবিত্র ঈদুল আজহা পালিত হবে আগামী ২৭ মে।
ঘোষণা ও প্রস্তুতি
দেশটির রাজা পরিষদের ভারপ্রাপ্ত সহকারী সচিব মুহাম্মদ আফেন্দি জালালুদ্দিন জাতীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারে এ ঘোষণা দেন। এদিকে এই ঘোষণার আগেই দেশজুড়ে স্থানীয় মুসলিমদের পাশাপাশি প্রবাসী মুসলিমদের মধ্যেও ঈদুল আজহার প্রস্তুতি শুরু হয়েছে। বিভিন্ন মসজিদ, সুরাউ ও ইসলামিক সংগঠন ইতোমধ্যে কুরবানি এবং ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি নিতে শুরু করেছে।
বাংলাদেশি প্রবাসীদের প্রস্তুতি
রাজধানী কুয়ালালামপুরসহ সেলাঙ্গর, পেনাং, জোহর ও অন্যান্য অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরাও ঈদ উদযাপনের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। পরিবার-পরিজন থেকে দূরে থাকলেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনের আশা করছেন তারা।
মালয়েশিয়ার মুসলিম সম্প্রদায় দীর্ঘদিন ধরে ঈদুল আজহাকে কেন্দ্র করে নানা আয়োজন করে থাকে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ঈদের দিন সকালে দেশের সব মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এরপর শুরু হবে কুরবানি। কুরবানির মাংস স্থানীয় গরিব-দুঃখী ও প্রতিবেশীদের মধ্যে বিতরণ করা হবে।



