ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত ২৫৯৫, আহত ১২ হাজারের বেশি
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত ২৫৯৫, আহত ১২ হাজার

ভেনেজুয়েলায় গত ২৪ জুন উত্তর ভেনেজুয়েলায় ৭.২ ও ৭.৫ মাত্রার জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৫৯৫ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ১২ হাজার ৪০০ জন। বৃহস্পতিবার (২ জুলাই) দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

হতাহতের তথ্য যাচাই

সংবাদ সম্মেলনে রদ্রিগেজ বলেন, ‘আমরা যে সংখ্যা প্রকাশ করছি, তা কঠোর যাচাই-বাছাইয়ের ভিত্তিতে নিশ্চিত করা হয়েছে।’ তিনি জানান, সর্বশেষ হতাহতের তথ্য প্রকাশের আগে প্রতিটি তথ্য বিস্তারিতভাবে যাচাই করা হয়েছে। এমনকি প্রথমে মৃত হিসেবে তালিকাভুক্ত পাঁচজনকে পরে জীবিত অবস্থায় পাওয়া যায়। ভর্তুকিযুক্ত জ্বালানি ব্যবস্থায় ব্যবহৃত আঙুলের ছাপভিত্তিক পরিচয় যাচাইয়ের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করা হয়। তিনি আরও বলেন, ‘যথাযথভাবে প্রমাণিত নয়—এমন কোনো তথ্য আমরা প্রকাশ করতে চাই না।’

ক্ষয়ক্ষতি ও পুনর্গঠন তৎপরতা

সরকারি হিসাবে, ভূমিকম্পে অন্তত ৮৫৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। পুনর্গঠন কার্যক্রমের জন্য সরকার প্রাথমিকভাবে ২০ কোটি মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অনুদান গ্রহণের জন্য লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের উন্নয়ন ব্যাংক (সিএএফ)-এ একটি বিশেষ তহবিল হিসাব খোলা হয়েছে। রদ্রিগেজ জানান, ক্ষতিগ্রস্ত ভবনের অবস্থা মূল্যায়ন এবং অবকাঠামো পুনরুদ্ধারে সহায়তা করতে ইসরাইলের বিশেষজ্ঞদের একটি দল ভেনেজুয়েলায় পৌঁছেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আন্তর্জাতিক সহায়তা ও আলোচনা

রদ্রিগেজ জানান, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনের জন্য অর্থ সংগ্রহে সরকার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে আলোচনা করছে। এ ছাড়া বিশ্বব্যাংক ও আন্তঃআমেরিকান উন্নয়ন ব্যাংকের (আইডিবি) সঙ্গেও আলোচনা চলছে। সংস্থা দুটি পুনর্গঠন কাজে অনুদান ও ঋণ সহায়তার প্রস্তাব দিয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাস্তুচ্যুতি ও অর্থনৈতিক ক্ষতি

জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, ভূমিকম্পে ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য সম্পদের প্রায় ৬৭০ কোটি মার্কিন ডলারের ক্ষতি হয়েছে। সরকারের তথ্য অনুযায়ী, প্রায় ১২ হাজার ৮০০ মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছেন। অন্যদিকে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, ভূমিকম্পের কারণে প্রায় ১৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

ব্রাজিলের সহায়তা

এ ছাড়া ব্রাজিলের প্রতিরক্ষামন্ত্রী হোসে মুসিও চলতি সপ্তাহে ভেনেজুয়েলা সফর করে মানবিক সহযোগিতা এবং পুনর্গঠন সহায়তা জোরদারের বিষয়ে আলোচনা করেছেন বলে জানান ডেলসি রদ্রিগেজ।