পশ্চিম আফ্রিকার দেশ আইভরিকোস্ট বিশ্বের সবচেয়ে বড় কোকো উৎপাদনকারী দেশ। একই সঙ্গে এটি পশ্চিম আফ্রিকার অন্যতম বৃহৎ অর্থনীতি, আঞ্চলিক বাণিজ্যের প্রাণকেন্দ্র এবং ফরাসিভাষী আফ্রিকার প্রভাবশালী রাষ্ট্র। দীর্ঘ ঔপনিবেশিক শাসন, গৃহযুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতার কঠিন সময় পেরিয়ে দেশটি এখন শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন অধ্যায় রচনা করছে।
ভৌগোলিক ও জনমিতিক বৈচিত্র্য
আইভরিকোস্টের পশ্চিমে লাইবেরিয়া ও গিনি, উত্তরে মালি ও বুরকিনা ফাসো, পূর্বে ঘানা এবং দক্ষিণে গিনি উপসাগর। প্রায় ৩ লাখ ২২ হাজার ৪৬৩ বর্গকিলোমিটার আয়তনের দেশটি বাংলাদেশের তুলনায় প্রায় দ্বিগুণের বেশি বড়। রাজনৈতিক রাজধানী ইয়ামুসুক্রো; তবে অর্থনীতি, বাণিজ্য, শিল্প, ব্যাংকিং ও কূটনীতির কেন্দ্র আবিদজান, যাকে 'পশ্চিম আফ্রিকার প্যারিস' বলা হয়। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় ৩ কোটি ৩০ লাখ। শতাধিক জাতিগোষ্ঠীর মানুষের বসবাস এই দেশে, যা আইভরিকোস্টকে আফ্রিকার অন্যতম বৈচিত্র্যময় রাষ্ট্রে পরিণত করেছে।
ঔপনিবেশিক ইতিহাস ও স্বাধীনতা
উনিশ শতকের শেষ দিকে ফ্রান্স আইভরিকোস্টকে উপনিবেশে পরিণত করে। ১৮৯৩ সালে এটি আনুষ্ঠানিকভাবে ফরাসি উপনিবেশ ঘোষিত হয়। ফরাসিরা সড়ক, রেলপথ ও বন্দর নির্মাণ করলেও এসবের মূল উদ্দেশ্য ছিল কৃষিপণ্য ইউরোপে রপ্তানি করা। দীর্ঘ ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে ১৯৬০ সালের ৭ আগস্ট। দেশটির স্বাধীনতার স্থপতি ফেলিক্স উফুয়ে-বোয়নি টানা ৩৩ বছর রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তাঁর সময়েই আইভরিকোস্ট আফ্রিকার দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির দেশগুলোর একটিতে পরিণত হয়, যাকে 'আইভরিয়ান অর্থনৈতিক অলৌকিকতা' বলা হয়।
সংকট থেকে পুনরুত্থান
স্বাধীনতার পর কয়েক দশক স্থিতিশীল থাকলেও ১৯৯০-এর দশকের শেষ দিকে দেশটি রাজনৈতিক অস্থিরতায় পড়ে। ২০০২ সালে সশস্ত্র বিদ্রোহ শুরু হয় এবং দেশটি কার্যত উত্তর ও দক্ষিণ—দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। ২০১০ সালের রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে আবারও সহিংসতা ছড়িয়ে পড়ে, যাতে কয়েক হাজার মানুষ নিহত হন। তবে গত এক দশকে দেশটি উল্লেখযোগ্যভাবে স্থিতিশীল হয়েছে। রাজনৈতিক পরিস্থিতির উন্নতি, বিনিয়োগ বৃদ্ধি এবং অবকাঠামো উন্নয়নের ফলে অর্থনীতি আবারও গতিশীল হয়েছে।
অর্থনীতি: কোকো থেকে শিল্পায়ন
আইভরিকোস্ট বর্তমানে পশ্চিম আফ্রিকার বৃহত্তম অর্থনীতিগুলোর একটি। দেশটির অর্থনীতির প্রধান ভিত্তি কৃষি, খাদ্য প্রক্রিয়াজাত শিল্প, খনিজ সম্পদ, সমুদ্রবন্দরভিত্তিক বাণিজ্য, ব্যাংকিং ও আর্থিক সেবা, টেলিযোগাযোগ এবং নির্মাণশিল্প। বিশ্বের মোট কোকো উৎপাদনের প্রায় ৪০ শতাংশ আসে এই দেশ থেকে। কোকোর পাশাপাশি উৎপাদিত হয় কফি, কাজুবাদাম, রাবার, পাম তেল, কলা, আনারস, তুলা, ধান, ভুট্টা ও কাসাভা। কাজুবাদাম উৎপাদনেও আইভরিকোস্ট বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি। আবিদজান বন্দর পশ্চিম আফ্রিকার সবচেয়ে ব্যস্ত সমুদ্রবন্দরগুলোর একটি।
ক্রীড়া ও সংস্কৃতি
আইভরিকোস্টে ফুটবল হলো জাতীয় আবেগ। দেশটির জাতীয় দল দ্য এলিফ্যান্টস নামে পরিচিত। আফ্রিকা কাপ অব নেশনস (আফকন) একাধিকবার জিতেছে তারা। বিশ্ব ফুটবলে আইভরিকোস্টকে পরিচিত করে তুলেছেন দিদিয়ের দ্রগবা, ইয়ায়া তুরে, কোলো তুরে ও সালোমন কালু। ২০২৪ সালে নিজেদের মাটিতে অনুষ্ঠিত আফ্রিকা কাপ অব নেশনস জিতে দেশটি আবারও মহাদেশের সেরা দলের মর্যাদা অর্জন করে। সংগীত ও নৃত্যও দেশটির সাংস্কৃতিক পরিচয়ের অংশ। বিশ্বখ্যাত সংগীতশিল্পী আলফা ব্লন্ডি আইভরিকোস্টের অন্যতম সাংস্কৃতিক দূত।
ভবিষ্যতের চ্যালেঞ্জ
অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে হলে আইভরিকোস্টকে কয়েকটি বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এর মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন, বন উজাড়, যুববেকারত্ব, আয়বৈষম্য, দুর্নীতি নিয়ন্ত্রণ, কৃষির আধুনিকীকরণ ও শিল্পায়ন। সরকার কৃষিনির্ভর অর্থনীতি থেকে শিল্প ও প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে রূপান্তরের চেষ্টা করছে।
আইভরিকোস্ট এক বৈপরীত্যের নাম। একদিকে ঔপনিবেশিক শাসন, রাজনৈতিক সংকট ও গৃহযুদ্ধের স্মৃতি; অন্যদিকে অর্থনৈতিক পুনরুত্থান, কৃষিতে বিশ্বনেতৃত্ব এবং দ্রুত নগরায়ণের সাফল্য। বিশ্বের প্রায় প্রতিটি চকলেটের পেছনে যেমন রয়েছে আইভরিকোস্টের কৃষকের ঘাম, তেমনি পশ্চিম আফ্রিকার অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনেও রয়েছে এই দেশের গুরুত্বপূর্ণ অবদান।



