দীর্ঘদিন পর জনসম্মুখে দেখা গেল ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সর্বাধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ভাহিদিকে। রোববার সকালে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় অনুষ্ঠিত ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় ভাহিদি অংশ নেন বলে জানিয়েছেন ইরানের কর্মকর্তারা।
দীর্ঘ অনুপস্থিতির পর আবির্ভাব
যুদ্ধের প্রথমদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় আইআরজিসির তৎকালীন প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর নিহত হওয়ার পর জেনারেল ভাহিদিকে বিপ্লবী গার্ডের সর্বাধিনায়ক নিযুক্ত করা হয় বলে জানা যায়। এরপর জেনারেল ভাহিদিকে খুব কমই জনসম্মুখে দেখা গেছে। দেশটির সরকারি বার্তাসংস্থা আইআরএনএ প্রকাশিত একটি ভিডিওতে তাকে কালো টুপি মাথায় দিয়ে জানাজা অনুষ্ঠানে দেখা গেছে।
খামেনি ও পরিবারের জানাজা
আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার নামাজের পাশাপাশি তার পরিবারের আরও চার সদস্যের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। তারা গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত হন। নিহতদের মধ্যে খামেনির মাত্র ১৪ মাস বয়সি নাতনি জাহরা মোহাম্মাদি গোলপায়েগানি ছিল। ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, জানাজার সময় জাহরার ছোট কফিনটি তার নানার কফিনের পাশে রাখা হয়েছে। সংস্থাটি জানায়, জাহরার বাবা মোহাম্মদ জাওয়াদ মোহাম্মাদি গোলপায়েগানিও জানাজার নামাজে উপস্থিত ছিলেন। একই হামলায় জাহরার মা এবং খামেনির মেয়ে বুশরা খামেনিও নিহত হন।
জানাজার আয়োজন ও উপস্থিতি
তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় সকাল আটটায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা) আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের জানাজা অনুষ্ঠিত হয়। শিয়া ধর্মীয় নেতা জাফর সোবহানি জানাজার নামাজে ইমামতি করেন। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের খবরে বলা হয়, জানাজার নামাজ শুরুর কয়েক ঘণ্টা আগেই মোসাল্লার প্রধান প্রাঙ্গণ মানুষের ভিড়ে পূর্ণ হয়ে যায়।



