খার্গ দ্বীপ: বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার হৃৎপিণ্ড ও বাংলাদেশের অর্থনীতির ঝুঁকি
খার্গ দ্বীপ: জ্বালানি নিরাপত্তার হৃৎপিণ্ড ও বাংলাদেশের ঝুঁকি

খার্গ দ্বীপ: বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার কৌশলগত হৃৎপিণ্ড

খার্গ দ্বীপ পারস্য উপসাগরের একটি অত্যন্ত কৌশলগত স্থানে অবস্থিত, যা ইরানের জন্য কেবল একটি দ্বীপ নয়; বরং দেশের অর্থনীতি এবং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার প্রাণকেন্দ্র হিসেবে কাজ করে। এই দ্বীপটির অবস্থান হরমুজ প্রণালির নিকটে, যা বিশ্বের তেল পরিবহনের অন্যতম প্রধান পথ হিসেবে স্বীকৃত। এই ভৌগোলিক অবস্থানই খার্গকে আন্তর্জাতিক বাজারে অপরিহার্য করে তুলেছে, যেখানে প্রতিদিন বিপুল পরিমাণ তেল রপ্তানি হয়।

ইতিহাস ও উন্নয়নের ধারাবাহিকতা

খার্গ দ্বীপের ইতিহাস ১৯৬০-এর দশক থেকে শুরু হয়, যখন ইরান এটিকে তেল রপ্তানির কেন্দ্র হিসেবে ব্যবহার করতে শুরু করে। প্রাথমিকভাবে সীমিত অবকাঠামো থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে দ্বীপটির গুরুত্ব বৃদ্ধি পায়। ইরান-ইরাক যুদ্ধের সময় এটি বহুবার আক্রমণের শিকার হয়, কিন্তু ধ্বংস হয়নি। ১৯৯০-এর দশক থেকে আধুনিকীকরণ প্রকল্পের মাধ্যমে স্টোরেজ ট্যাংক, জেটি, পাইপলাইন এবং সমুদ্রপথের গভীরতা উন্নত করা হয়, ফলে এটি আন্তর্জাতিক মানের তেল রপ্তানি কেন্দ্রে পরিণত হয়।

ভূপ্রকৃতি ও অবকাঠামোগত সুবিধা

খার্গ দ্বীপ মূলত প্রবাল দ্বারা গঠিত, যা আশপাশের সমুদ্রপথকে গভীর এবং বড় ট্যাংকার গ্রহণের উপযোগী করে তোলে। দ্বীপে নির্মিত জেটি, পাইপলাইন এবং স্টোরেজ ট্যাংক আন্তর্জাতিক মান বজায় রেখে তৈরি করা হয়েছে, যা ধারাবাহিক তেল রপ্তানি নিশ্চিত করে। বিশ্বের জ্বালানি ব্যবস্থায় চারটি গুরুত্বপূর্ণ চোক পয়েন্ট রয়েছে, যার মধ্যে হরমুজ প্রণালি, সুয়েজ খাল এবং মালাক্কা প্রণালি উল্লেখযোগ্য। খার্গ দ্বীপ সরাসরি হরমুজ প্রণালির পাশে অবস্থিত হওয়ায় এটি সামরিক নিয়ন্ত্রণ এবং তেল সরবরাহে তাৎক্ষণিক প্রভাব ফেলতে সক্ষম।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কৌশলগত উত্তেজনা ও সম্ভাব্য ঝুঁকি

খার্গ দ্বীপ বর্তমানে কৌশলগত উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা সম্ভাব্য হামলার ঝুঁকি বাড়িয়েছে। ইরান-ইরাক যুদ্ধের সময় একাধিক আক্রমণ সত্ত্বেও দ্বীপটি সম্পূর্ণ অচল হয়নি, এবং সাম্প্রতিক সময়ে ইরান ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং নৌ-প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে নিরাপত্তা আধুনিক করেছে। তবে সম্ভাব্য হামলার প্রভাব অত্যন্ত মারাত্মক হতে পারে:

  • ট্যাংকার স্টোরেজ, পাইপলাইন এবং জেটি ক্ষতিগ্রস্ত হলে তেল সরবরাহ ব্যাহত হবে।
  • বৈশ্বিক বাজারে তেলের দাম দ্রুত বৃদ্ধি পাবে, যা এশিয়ার বড় আমদানিকারক দেশ যেমন চীন, ভারত ও জাপানকে প্রভাবিত করবে।
  • পরিবহন, বিদ্যুৎ উৎপাদন এবং শিল্প খাতের ব্যয় বেড়ে যাবে, সরবরাহ চেইন ব্যাহত হলে খাদ্য, ওষুধ এবং শিল্প কাঁচামালের মূল্যও বৃদ্ধি পাবে।

দৈনিক প্রায় ১৫ থেকে ২০ লাখ ব্যারেল তেল এই দ্বীপের মাধ্যমে রপ্তানি হয়, যা ইরানের মোট তেল রপ্তানির ৮০-৯০ শতাংশ। হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন প্রায় ২০-২১ মিলিয়ন ব্যারেল তেল পরিবাহিত হয়, যা বৈশ্বিক সরবরাহের ২০ শতাংশ। ফলে খার্গ দ্বীপের কার্যক্রমে কোনো বিঘ্ন শুধু ইরান নয়, বৈশ্বিক তেলবাজারেও সরাসরি প্রভাব ফেলবে।

বৈশ্বিক অর্থনৈতিক প্রভাব

গবেষণা অনুযায়ী, বৈশ্বিক সরবরাহে মাত্র ৫-১০ শতাংশ ঘাটতি সৃষ্টি হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৮-১৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। কিন্তু খার্গ দ্বীপের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্র বন্ধ হয়ে গেলে সরবরাহে ২-৩ শতাংশ বৈশ্বিক ঘাটতিও ১৫-২৫ শতাংশ পর্যন্ত মূল্যবৃদ্ধি ঘটাতে পারে। সংকট দীর্ঘস্থায়ী হলে তেলের দাম প্রতি ব্যারেল ১২০ মার্কিন ডলার অতিক্রম করতে পারে, যা ২০২২ সালের জ্বালানিসংকটের সময় দেখা গিয়েছিল। তেলের মূল্য বৃদ্ধি সরাসরি উৎপাদন ব্যয় বাড়িয়ে দেয়:

  1. তেলের দাম প্রতি ১০ শতাংশ বৃদ্ধি পেলে বৈশ্বিক উৎপাদন ব্যয় গড়ে ২-৩ শতাংশ পর্যন্ত বেড়ে যায়।
  2. পরিবহন খরচ ৫-১২ শতাংশ এবং বিদ্যুৎ উৎপাদন ব্যয় ৩.৮ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
  3. বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, জ্বালানি ব্যয়ের বৃদ্ধি খাদ্য পরিবহন ও উৎপাদন খরচ বাড়িয়ে খাদ্যদ্রব্যের দাম ১০ শতাংশ পর্যন্ত বাড়াতে পারে।

এই ধরনের সংকট আন্তর্জাতিক বিনিয়োগ পরিবেশেও নেতিবাচক প্রভাব ফেলে, জ্বালানি মূল্য অস্থিরতার কারণে বিনিয়োগকারীদের আস্থা কমে যায় এবং বৈশ্বিক পুঁজি প্রবাহে ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত হ্রাস দেখা দিতে পারে।

বাংলাদেশের অর্থনীতির ওপর প্রভাব

বাংলাদেশের অর্থনীতিতে খার্গ দ্বীপে সম্ভাব্য আক্রমণ বা অস্থিতিশীলতা সবচেয়ে বড় প্রভাব ফেলবে জ্বালানি নির্ভরতা তত্ত্ব এবং সাপ্লাই শকের মাধ্যমে। বাংলাদেশ বর্তমানে তার মোট জ্বালানি চাহিদার প্রায় ৯৫ শতাংশ আমদানিনির্ভর, এবং বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেও প্রায় ৬৫ শতাংশ জ্বালানি আমদানি থেকে আসে। ফলে খার্গ দ্বীপ এবং হরমুজ প্রণালিতে কোনো সংঘাত হলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ কমে যাবে, যা সরাসরি বাংলাদেশের আমদানি ব্যয় বাড়াবে।

২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ প্রায় ৪৭-৪৮ হাজার কোটি টাকা ব্যয় করেছে জ্বালানি আমদানিতে, এবং বৈশ্বিক মূল্য বৃদ্ধি পেলেও আমদানি কমলেও ব্যয় কমেনি। এই পরিস্থিতিতে তেলের দাম ১০-২০ শতাংশ বাড়লে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ সৃষ্টি হবে, আমদানি ব্যয় বৃদ্ধি পাবে এবং টাকার অবমূল্যায়ন ত্বরান্বিত হতে পারে, যা সামষ্টিক অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বাড়াবে।

দ্বিতীয়ত, খার্গ দ্বীপে আক্রমণের ফলে সৃষ্ট সরবরাহ সংকট বাংলাদেশের অভ্যন্তরীণ উৎপাদন ও বাণিজ্যে সরাসরি আঘাত হানবে। সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংকটে দেখা গেছে, জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় বাংলাদেশে জাহাজ বিলম্ব, জ্বালানি রেশনিং এবং শিল্প উৎপাদনে বিঘ্ন সৃষ্টি হয়েছে। এতে বিদ্যুৎ ঘাটতি তৈরি হয়ে টেক্সটাইলসহ প্রধান রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হয়, যেখানে দৈনিক কয়েক ঘণ্টা লোডশেডিং পর্যন্ত হয়েছে। তেলের দাম বৃদ্ধির ফলে পরিবহন ব্যয় বাড়ে, যা খাদ্য ও কৃষি খাতে প্রভাব ফেলে; কারণ সেচ ও উৎপাদনে ডিজেলের ব্যবহার ব্যাপক। ফলে খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি, শিল্প উৎপাদন ব্যাহত হওয়া এবং সরবরাহ চেইন ভেঙে পড়ার মাধ্যমে সামগ্রিকভাবে জিডিপি প্রবৃদ্ধি কমে যেতে পারে।

বাংলাদেশের প্রতিরোধমূলক পদক্ষেপ

বাংলাদেশ সরকার ইতিমধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। দেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতের আমদানি নির্ভরতা হ্রাসের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যেমন এলএনজি টার্মিনাল স্থাপন, সুনির্দিষ্ট জ্বালানি মজুত তৈরি, এবং বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে নবায়নযোগ্য জ্বালানি উৎসের ব্যবহার বাড়ানো। এছাড়া সরকার তেল ও গ্যাস আমদানিতে বৈদেশিক চ্যানেল বহুমুখীকরণ এবং সরবরাহ চেইনকে আরো শক্তিশালী করার জন্য আন্তর্জাতিক কোম্পানি ও বিনিয়োগকারীর সঙ্গে চুক্তি করছে।

তবে খার্গ দ্বীপ বা হরমুজ প্রণালিতে কোনো সম্ভাব্য অস্থিরতা মোকাবিলা করার জন্য আরো কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন:

  • তেলের আমদানির বিকল্প রুট ও উৎসের বিস্তৃতি বৃদ্ধি করা।
  • দেশের অভ্যন্তরীণ তেল ও জ্বালানি মজুত বৃদ্ধির মাধ্যমে সরবরাহ বিঘ্ন মোকাবিলা করা।
  • নবায়নযোগ্য জ্বালানি; যেমন সৌর ও বায়ু বিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণ করা।
  • শিল্প খাতে জ্বালানি দক্ষতা বাড়ানোর মাধ্যমে খরচ কমানো।

এছাড়া বিদেশি বাজারে তেলের অস্থিরতার প্রভাব হ্রাস করতে কৌশলগত হেজিং এবং বৈদেশিক বিনিময় রিজার্ভ ব্যবস্থাপনাকে আরো কার্যকর করা জরুরি। এসব পদক্ষেপ একসঙ্গে গ্রহণ করলে বাংলাদেশের আমদানিনির্ভর অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তা আরো স্থিতিশীল হবে, সম্ভাব্য সরবরাহ শকের প্রভাব সীমিত হবে এবং দেশে মূল্যস্ফীতি ও শিল্প ক্ষতির ঝুঁকি কমানো সম্ভব হবে।

বাংলাদেশের এই প্রয়াস বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা এবং কৌশলগত ঝুঁকির প্রেক্ষাপটে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য।