আয়ারল্যান্ডের অর্থনৈতিক সাফল্য: সবুজ দ্বীপ থেকে ইউরোপের অর্থনৈতিক শক্তিতে রূপান্তর
আয়ারল্যান্ডের অর্থনৈতিক সাফল্য: সবুজ দ্বীপ থেকে শক্তিতে রূপান্তর

আয়ারল্যান্ড: সবুজ প্রকৃতি থেকে অর্থনৈতিক শক্তির উত্থান

উত্তর আটলান্টিকের বাতাসে ঘেরা সবুজ দ্বীপ আয়ারল্যান্ডকে অনেকেই চেনেন তার নৈসর্গিক সৌন্দর্যের জন্য—অসীম সবুজ প্রান্তর, ছোট ছোট পাহাড়, পাথুরে উপকূল আর বৃষ্টিভেজা গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য। প্রকৃতির এই শান্ত ও স্নিগ্ধ পরিবেশের আড়ালেই গত কয়েক দশকে ধীরে ধীরে গড়ে উঠেছে ইউরোপের অন্যতম গতিশীল একটি অর্থনীতি। তাই আয়ারল্যান্ডকে শুধু প্রকৃতির সৌন্দর্যের দেশ বললে ভুল হবে; এটি এখন একই সঙ্গে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শক্তিরও প্রতীক।

ইউরোপের অর্থনৈতিক মানচিত্রে বৈপরীত্য

ইউরোপের অর্থনৈতিক মানচিত্রের দিকে তাকালে সাম্প্রতিক বছরগুলোতে একটি বৈপরীত্য চোখে পড়ে। ইউরোপের বড় বড় অর্থনীতির দেশ—জার্মানি, ফ্রান্স কিংবা ইতালি—যেখানে মন্দা, মূল্যস্ফীতি ও ধীর প্রবৃদ্ধির চাপে নানামুখী সংকট মোকাবিলা করছে, সেখানে তুলনামূলক ছোট একটি দেশ আয়ারল্যান্ড যেন ভিন্ন এক অর্থনৈতিক ছন্দে এগিয়ে চলেছে। ২০২৫ সালের অর্থনৈতিক পরিসংখ্যান সেই বাস্তবতাকেই আবারও সামনে নিয়ে এসেছে। বিভিন্ন অর্থনৈতিক পূর্বাভাসে দেখা যাচ্ছে, ২০২৫ সালে আয়ারল্যান্ডের জিডিপি প্রবৃদ্ধি দুই অঙ্কের কাছাকাছি পৌঁছেছে। ইউরোপীয় ইউনিয়নের অধিকাংশ দেশের তুলনায় এটি অনেক বেশি। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে—কীভাবে একটি ছোট দ্বীপরাষ্ট্র এই প্রবৃদ্ধি ধরে রাখতে পারছে?

অর্থনীতির আকার ও গুরুত্ব

বর্তমানে আয়ারল্যান্ডের অর্থনীতির আকারও ছোট নয়। আন্তর্জাতিক অর্থনৈতিক পরিসংখ্যান অনুযায়ী দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) এখন প্রায় ৭০০ বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি। জনসংখ্যা তুলনামূলক কম হলেও মাথাপিছু আয়ের দিক থেকে আয়ারল্যান্ড ইউরোপের অন্যতম শীর্ষ অর্থনীতির একটি। ফলে অর্থনীতির আকার ও প্রবৃদ্ধি—দুই দিক থেকেই দেশটি এখন আন্তর্জাতিক অর্থনীতির আলোচনায় একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।

সাফল্যের মূল চাবিকাঠি: বহুজাতিক কোম্পানি

এর মূল চাবিকাঠি হলো বহুজাতিক কোম্পানির আগমন, যা শুধু অর্থনৈতিক নীতি নয়, ছিল রাজনৈতিক দূরদর্শিতার ফলও। প্রাথমিক বিনিয়োগের ভিত্তি তৈরি হয়েছিল ১৯৭০–৮০-এর দশকে, যখন আয়ারল্যান্ড সরকার কর প্রণোদনা, প্রশাসনিক সহজতা ও দক্ষ মানবসম্পদে জোর দেয়। ১৯৭৩ সালে ইউরোপীয় অর্থনৈতিক সম্প্রদায়ে (বর্তমান ইউরোপীয় ইউনিয়ন) যোগদানের সিদ্ধান্তও বহুজাতিক বিনিয়োগ আকৃষ্ট করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। ১৯৯০-এর দশকে এই নীতির ফলে মাইক্রোসফট, অ্যাপলের মতো প্রযুক্তিপ্রতিষ্ঠান এবং বহু ফার্মাসিউটিক্যাল ও বায়োটেক কোম্পানি আয়ারল্যান্ডে তাদের ইউরোপীয় কার্যক্রম সম্প্রসারণ শুরু করে। পরে ২০০০-এর দশকে গুগল ও ফেসবুক-এর মতো বড় প্রযুক্তি কোম্পানিও এখানে তাদের ইউরোপীয় সদর দপ্তর স্থাপন করে। পরবর্তী সময়ে আন্তর্জাতিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও এই দেশের দিকে ঝুঁকে।

অর্থনৈতিক সংকট ও পুনরুত্থান

তবে আয়ারল্যান্ডের অর্থনীতির পথ সব সময় মসৃণ ছিল না। ২০০৮ সালের বৈশ্বিক আর্থিক সংকট দেশটিকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছিল। সে সময় রিয়েল-এস্টেট বাজার ধসে পড়ে এবং ব্যাংকিং খাতে বড় ধরনের সংকট দেখা দেয়। বিশেষ করে অ্যাঙলোর পতন তখন দেশের অর্থনৈতিক দুর্বলতাকে প্রকাশ্যে নিয়ে আসে। ব্যাংকের শীর্ষ পর্যায়ের আর্থিক অনিয়ম এবং ঋণ বুদ্‌বুদের কারণে সরকারকে শেষ পর্যন্ত বিপুল অর্থ ব্যয় করে ব্যাংকিং ব্যবস্থা বাঁচাতে হয়। সেই সময় বেকারত্ব বেড়ে যায় এবং অর্থনীতি কয়েক বছর ধরে কঠিন চাপের মধ্যে পড়ে। সংকটের পরে আইনি তদন্ত শুরু হয় এবং ব্যাংকের সাবেক প্রধান নির্বাহী ডেভিড ড্রুমসহ শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করা হয়। যুক্তরাষ্ট্রে অবস্থান করা ড্রুমকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আয়ারল্যান্ডে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হয়েছিল, যা সে সময় দেশের আর্থিক জবাবদিহির একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে আলোচিত হয়। তবে পরে অর্থনৈতিক সংস্কার, ব্যাংকিং খাত পুনর্গঠন ও বহুজাতিক বিনিয়োগের পুনরুত্থানের মাধ্যমে আয়ারল্যান্ড ধীরে ধীরে আবার প্রবৃদ্ধির পথে ফিরে আসে।

প্রধান অর্থনৈতিক খাতসমূহ

ফলে প্রযুক্তি পণ্য, সফটওয়্যার পরিষেবা ও বিশেষ করে ফার্মাসিউটিক্যাল শিল্পে আয়ারল্যান্ড আজ একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক কেন্দ্র হয়ে উঠেছে। সাম্প্রতিক বছরগুলোতে বায়ো-ফার্মাসিউটিক্যাল পণ্যের রপ্তানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশ্বের বহু গুরুত্বপূর্ণ ওষুধ এখান থেকেই উৎপাদিত হয়ে ইউরোপ, আমেরিকা এবং এশিয়ার বাজারে যাচ্ছে। তবে দেশটির অর্থনীতির শক্তি কেবল বহুজাতিক কোম্পানির ওপরই দাঁড়িয়ে নেই। অভ্যন্তরীণ অর্থনীতিতেও ইতিবাচক কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। কর্মসংস্থান তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে, ভোক্তাদের ব্যয়ও বাড়ছে এবং সরকার অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ বাড়িয়েছে। আয়ারল্যান্ডের অর্থনীতির শক্ত ভিত্তি গড়ে উঠেছে কয়েকটি গুরুত্বপূর্ণ খাতকে কেন্দ্র করে:

  • প্রযুক্তি শিল্প: এখানে প্রধান চালিকা শক্তি।
  • ফার্মাসিউটিক্যাল ও বায়ো-ফার্মা শিল্প: অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
  • আর্থিক পরিষেবা খাত: ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
  • কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত শিল্প: ঐতিহ্যগতভাবে দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ।

সব মিলিয়ে প্রযুক্তি, ফার্মাসিউটিক্যাল, আর্থিক পরিষেবা ও কৃষি—এই কয়েকটি প্রধান খাতের সমন্বয়েই আধুনিক আয়ারল্যান্ডের অর্থনৈতিক কাঠামো গড়ে উঠেছে।

বাংলাদেশের জন্য সম্ভাবনা

বাংলাদেশের জন্যও এখানে কিছু সম্ভাবনার ক্ষেত্র তৈরি হতে পারে। তথ্যপ্রযুক্তি, ফার্মাসিউটিক্যাল ও শিক্ষা—এই তিনটি খাত বিশেষভাবে উল্লেখযোগ্য। বাংলাদেশের ক্রমবর্ধমান আইটি খাত ইউরোপীয় বাজারে প্রবেশের ক্ষেত্রে আয়ারল্যান্ডকে একটি সম্ভাব্য গেটওয়ে হিসেবে ব্যবহার করতে পারে, কারণ ইউরোপের বহু প্রযুক্তি কোম্পানির আঞ্চলিক কার্যক্রম এখান থেকেই পরিচালিত হয়। একইভাবে ফার্মাসিউটিক্যাল শিল্পেও দুই দেশের মধ্যে সহযোগিতার সুযোগ রয়েছে। বাংলাদেশ ইতিমধ্যে জেনেরিক ওষুধ উৎপাদনে আন্তর্জাতিক বাজারে একটি শক্ত অবস্থান তৈরি করেছে, আর আয়ারল্যান্ড বায়ো-ফার্মা ও গবেষণাভিত্তিক ওষুধ শিল্পে বিশ্বমানের কেন্দ্র। এই দুই অভিজ্ঞতার সমন্বয় হলে যৌথ গবেষণা, প্রযুক্তি স্থানান্তর ও বিনিয়োগ সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হতে পারে। পাশাপাশি শিক্ষা খাতেও একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনা রয়েছে। প্রতিবছর বিপুলসংখ্যক আন্তর্জাতিক শিক্ষার্থী আয়ারল্যান্ডে পড়াশোনা করতে আসে, এবং সেই প্রবাহে বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণও বাড়ছে। ফলে শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং জ্ঞানভিত্তিক অর্থনীতির ক্ষেত্রেও দুই দেশের মধ্যে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে।

করপোরেট কর ও সরকারি আয়

আয়ারল্যান্ডের প্রবৃদ্ধির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো করপোরেট কর থেকে সরকারের বিপুল আয়। বড় বড় বহুজাতিক কোম্পানির উপস্থিতির কারণে সরকারের রাজস্ব আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেই অর্থ ব্যবহার করে সরকার শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামো খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পাচ্ছে।

বৈশ্বিক চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

তবে বিশ্ব অর্থনীতি কখনোই একটি বিচ্ছিন্ন বাস্তবতা নয়। আয়ারল্যান্ডের অর্থনীতিও শেষ পর্যন্ত বৈশ্বিক বাজারের সঙ্গেই গভীরভাবে যুক্ত। আর সেই বৈশ্বিক বাস্তবতার দিকে তাকালে দেখা যায়, পৃথিবী এখন আবারও একধরনের ভূরাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সময়ে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সামরিক উত্তেজনা নতুন করে বৈশ্বিক অনিশ্চয়তা তৈরি করেছে। এই সংঘাতের প্রভাব ইতিমধ্যে বিশ্ববাজারে অনুভূত হতে শুরু করেছে। বিশেষ করে তেলের বাজারে অস্থিরতা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। মধ্যপ্রাচ্য এখনো বিশ্বের জ্বালানি সরবরাহের একটি প্রধান কেন্দ্র। ইরান, সৌদি আরব, কাতার, ইরাক কিংবা উপসাগরীয় দেশগুলোর রাজনৈতিক অস্থিরতা প্রায়ই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়িয়ে দেয়। সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটেও তেলের দামে ঊর্ধ্বমুখী চাপ দেখা যাচ্ছে। তেলের দাম বাড়লে তার প্রভাব কেবল মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকে না; ইউরোপসহ পুরো বিশ্ব অর্থনীতিতে তার প্রতিফলন ঘটে। পরিবহন ব্যয় বাড়ে, শিল্প উৎপাদনের খরচ বৃদ্ধি পায় এবং শেষ পর্যন্ত মূল্যস্ফীতির চাপ সাধারণ মানুষের জীবনে এসে পড়ে। এই বাস্তবতায় আয়ারল্যান্ডও সম্পূর্ণ নিরাপদ নয়। দেশটির অর্থনীতি অত্যন্ত উন্মুক্ত এবং রপ্তানিনির্ভর। ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিলে উৎপাদন ব্যয় ও পরিবহন খরচ বাড়তে পারে। বিশেষ করে ইউরোপের সামগ্রিক অর্থনীতি যদি উচ্চ জ্বালানি মূল্যের কারণে চাপে পড়ে, তাহলে তার ঢেউ আয়ারল্যান্ডেও এসে লাগবে।

পরিসংখ্যানগত বাস্তবতা ও শিক্ষা

আরেকটি গুরুত্বপূর্ণ বাস্তবতাও এখানে মনে রাখা দরকার। আয়ারল্যান্ডের জিডিপি প্রবৃদ্ধি অনেক সময় বাস্তব অর্থনীতির তুলনায় বেশি বড় দেখায়। কারণ, বহুজাতিক কোম্পানিগুলোর বৈশ্বিক মুনাফার একটি অংশ হিসাবগতভাবে এই দেশের অর্থনীতিতে যুক্ত হয়। ফলে পরিসংখ্যানগত প্রবৃদ্ধি যতটা বড় দেখায়, তার সবটাই সরাসরি সাধারণ মানুষের জীবনমানের উন্নতিতে প্রতিফলিত হয় না। তারপরও আয়ারল্যান্ডের অর্থনৈতিক অভিজ্ঞতা অনেক দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে উঠতে পারে। একটি ছোট দেশ যদি সঠিক নীতি গ্রহণ করতে পারে, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে পারে এবং বৈশ্বিক অর্থনীতির সঙ্গে দক্ষভাবে নিজেকে যুক্ত করতে পারে, তাহলে তার পক্ষে বড় অর্থনৈতিক শক্তিতে পরিণত হওয়া অসম্ভব নয়।

ভবিষ্যতের চ্যালেঞ্জ

তবে সামনে যে সময় আসছে, তা মোটেও সহজ নয়। বিশ্ব রাজনীতি, জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্য—সবকিছুই এখন অনিশ্চয়তার ঘূর্ণাবর্তে। মধ্যপ্রাচ্যের সংঘাত, তেলের দাম বৃদ্ধি ও বৈশ্বিক অর্থনীতির সম্ভাব্য ধীরগতি—এই জটিল বাস্তবতার মধ্যেই আয়ারল্যান্ডকে তার প্রবৃদ্ধির পথ ধরে রাখতে হবে। প্রশ্নটা তাই খুব স্পষ্ট: এই ছোট দ্বীপ কি বৈশ্বিক ঝড়ের ঢেউয়ে ভেসে থাকবে, নাকি নিজের শক্তি দিয়ে সেই ঢেউকে সামাল দেবে? আয়ারল্যান্ডের অর্থনীতি নিঃসন্দেহে শক্তিশালী, কিন্তু সেই শক্তিকে টিকিয়ে রাখতে দরকার সতর্ক নীতি, দূরদর্শী পরিকল্পনা এবং সচেতন নেতৃত্ব। এই পরীক্ষায় ব্যর্থ হলে ক্ষতি শুধু অর্থনীতির পরিসংখ্যানেই সীমাবদ্ধ থাকবে না—তার প্রভাব পড়বে মানুষের দৈনন্দিন জীবনেও।