ক্ষমতায় এসেই তামিলনাড়ুতে ৭১৭ মদের দোকান বন্ধের নির্দেশ বিজয়ের
ক্ষমতায় এসেই তামিলনাড়ুতে ৭১৭ মদের দোকান বন্ধের নির্দেশ

ভারতের তামিলনাড়ু রাজ্যের বিভিন্ন উপাসনালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে অবস্থিত ৭১৭টি সরকারি মদের দোকান অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়। মঙ্গলবার (১২ মে ২০২৬) জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। খবর এনডিটিভির।

সরকারি মালিকানাধীন তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন লিমিটেড (টাসম্যাক)-এর এসব দোকান বন্ধের কাজ আগামী দুই সপ্তাহের মধ্যেই সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসার পর তামিলগা ভেট্ট্রি কাজাগম (টিভিকে) সরকারের এটি অন্যতম বড় প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।

সমীক্ষায় উঠে এলো তথ্য

সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়, তামিলনাড়ুর ৪ হাজার ৭৬৫টি টাসম্যাক দোকানের ওপর একটি সমীক্ষা চালানো হয়। সেখানে দেখা যায়, ৭১৭টি দোকান সংবেদনশীল জনসমাগম এলাকাগুলোর খুব কাছাকাছি অবস্থিত। এর মধ্যে ২৭৬টি উপাসনালয়ের কাছে, ১৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে এবং ২৫৫টি বাসস্ট্যান্ডের আশপাশে রয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জনস্বার্থের কথা বিবেচনা করে এসব দোকান দুই সপ্তাহের মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও নির্দেশ দিয়েছে সরকার।

অর্থনৈতিক ও রাজনৈতিক গুরুত্ব

এই সিদ্ধান্তের ফলে রাজ্যের মোট টাসম্যাক দোকানের প্রায় ১৫ শতাংশ বন্ধ হয়ে যাবে। তামিলনাড়ুতে খুচরা মদ বিক্রিতে টাসম্যাকের একচেটিয়া নিয়ন্ত্রণ রয়েছে এবং এটি রাজ্য সরকারের অন্যতম বড় আয়ের উৎস। রাজনৈতিক দিক থেকেও এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। ২০২৪ সালে দল গঠনের পর থেকেই বিজয় টাসম্যাক সংস্কারকে তার নির্বাচনী প্রচারের অন্যতম প্রধান ইস্যু করেছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ