জাপানে রেকর্ড ২৩৫ সেলুন দেউলিয়া, শিল্পে সংকট
জাপানে রেকর্ড ২৩৫ সেলুন দেউলিয়া, শিল্পে সংকট

জাপানের এক সময়ের স্থিতিশীল হেয়ার সেলুন শিল্প বর্তমানে এক নজিরবিহীন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত বছর দেশটিতে রেকর্ড সংখ্যক ২৩৫টি সেলুন দেউলিয়া হওয়ার আবেদন জানিয়েছে। এর আগে ২০২৪ সালে ২১৫ জন হেয়ার স্টাইলিস্টের দেউলিয়া হওয়ার যে রেকর্ড ছিল, এটি তাকেও ছাড়িয়ে গেছে।

সেলুনগুলোর আয়ুষ্কাল কমছে

ব্যবসায়িক এই ধসের প্রভাব পড়েছে সেলুনগুলোর গড় আয়ুষ্কালের ওপর। ২০২৪ সালে একটি সেলুনের গড় আয়ু যেখানে ছিল ১৪.১ বছর, ২০২৫ সালে তা কমে দাঁড়িয়েছে ১৩ বছরে। বর্তমানে সচল থাকা সেলুনগুলোর মধ্যে প্রায় ৪৯ শতাংশেরই বয়স ১০ বছরের কম। আশ্চর্যের বিষয় হলো, বর্তমান পরিস্থিতি কোভিড-১৯ মহামারিকালীন সময়ের চেয়েও ভয়াবহ। মহামারির সময় সরকারি ভর্তুকি এবং সুদমুক্ত ঋণের কারণে এই খাতটি টিকে ছিল, যার ফলে ২০২১ সালে দেউলিয়া হওয়ার সংখ্যা সর্বনিম্ন ৬৮-তে নেমে এসেছিল। বর্তমান পরিস্থিতির সঙ্গে ২০০৮ সালের বৈশ্বিক মন্দার মিল পাওয়া গেলেও অবশ্য এবারের কারণগুলো সম্পূর্ণ ভিন্ন।

মুদ্রাস্ফীতি ও জ্বালানি সংকট

২০০৮ সালের মন্দার সময় মানুষ খরচ কমাতে শুরু করলে ‘কিউবি হাউস’-এর মতো ডিসকাউন্ট হেয়ার কাটিং ব্র্যান্ডগুলো বাজারে আসে। এতে উচ্চমূল্যের প্রতিষ্ঠিত সেলুনগুলো চাপে পড়ে যায় এবং দেউলিয়া হওয়ার সংখ্যা ১০০ ছাড়িয়ে যায়। বর্তমানে মুদ্রাস্ফীতি এবং জ্বালানি সংকটের কারণে মানুষ আবারও সস্তা বিকল্প খুঁজছে। তবে সেলুন মালিকদের জন্য এবারের চ্যালেঞ্জ আরও কঠিন। বিদ্যুৎ বিল থেকে শুরু করে চুলের প্রসাধনী—সবকিছুর দাম বেড়ে যাওয়ায় গ্রাহকদের চাহিদা অনুযায়ী সেবা মূল্য কমানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কর্মী সংকট ও প্রতিযোগিতা

আর্থিক সংকটের পাশাপাশি যোগ হয়েছে তীব্র কর্মী সংকট। দক্ষ স্টাইলিস্টরা এখন ছোট বা মাঝারি সেলুনের চেয়ে বড় চেইন শপ বা নামিদামি ব্র্যান্ডগুলোতে কাজ করতে বেশি আগ্রহী। ছোট সেলুনগুলো সাধারণত বিউটি স্কুল থেকে সদ্য পাস করা শিক্ষার্থীদের নিয়োগ দেয়, কিন্তু তাদের বেশিরভাগই নিজেদের নতুন সেলুন খোলার স্বপ্ন নিয়ে দ্রুত কাজ ছেড়ে দেয়। বিশ্লেষকদের মতে, জাপানের এই সংকটের মূল কারণ হলো বাজারের চাহিদার তুলনায় অতিরিক্ত সেলুনের উপস্থিতি। ফলে এই প্রতিযোগিতার ভিড়ে টিকে থাকা সাধারণ উদ্যোক্তাদের জন্য ক্রমশ কঠিন হয়ে পড়ছে।

সূত্র: জাপান টুডে