ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক অভিযানে অংশ না নেওয়ার অবস্থান পুনর্ব্যক্ত করেছে ফ্রান্স। শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো আনাদোলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ ঘোষণা দেন। ফরাসি সংবাদমাধ্যম বিএফএম টিভির সাথে আলাপকালে তিনি বলেন, সংকট শুরু হওয়ার পর থেকেই ফ্রান্স এই যুদ্ধে জড়িত হয়নি এবং ভবিষ্যতেও অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই।
অভিযানের লক্ষ্য অস্পষ্ট
বারো বলেন, বর্তমান অভিযানের লক্ষ্য স্পষ্ট নয় এবং এতে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে, যা ফ্রান্সের পক্ষে গ্রহণযোগ্য নয়। তিনি উল্লেখ করেন, শুরু থেকেই ফ্রান্স এই যুদ্ধের বিরোধিতা করে আসছে এবং সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি রয়েছে, যা বিশ্ব অর্থনীতি ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।
হরমুজ প্রণালি খোলার আহ্বান
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার ওপর জোর দেন। তিনি জানান, ওই অঞ্চলে নৌচলাচল স্বাভাবিক রাখতে একটি আন্তর্জাতিক মিশন গঠনের প্রস্তুতি চলছে। বারো বলেন, কোনো প্রণালিতে বাধা সৃষ্টি, ব্ল্যাকমেইল বা টোল আদায় মেনে নেওয়া হবে না। আন্তর্জাতিক জলসীমায় নৌ চলাচলে কোনো প্রতিবন্ধকতা গ্রহণযোগ্য নয়।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরু করে। এর জবাবে তেহরান পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের ওপর পাল্টা হামলা চালায়, যার ফলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালি বন্ধ হয়ে যায়। তথ্যসূত্র: মিডল ইস্ট মনিটর।



