হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করতে সামরিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। খবর গালফ নিউজের।
আইআরজিসির পরিকল্পনা
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি নৌবাহিনী জানিয়েছে আরব উপসাগর ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ইরানি উপকূলীয় প্রায় ২ হাজার কিলোমিটার অঞ্চলে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে। শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় সামরিক ও কৌশলগত পদক্ষেপ বাস্তবায়ন করা হবে।
লক্ষ্য ও উদ্দেশ্য
বিবৃতিতে আরও বলা হয়, এ উদ্যোগের লক্ষ্য হলো হরমুজ প্রণালিকে ইরানের জনগণের জন্য গর্ব ও শক্তির প্রতীক হিসেবে গড়ে তোলা এবং একইসঙ্গে অঞ্চলটিকে নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধির কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা।
হরমুজ প্রণালির গুরুত্ব
উল্লেখ্য, আরব সাগর ও পারস্য উপসাগরকে যুক্ত করা প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ। বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়।
পূর্ববর্তী অবস্থান
এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে এই অঞ্চলে সামরিক অবস্থান আরও কঠোর করে ইরান। দেশটি জানায়, শত্রুভাবাপন্ন দেশগুলোর জাহাজ হরমুজ প্রণালি ব্যবহার করলে তা লক্ষ্যবস্তু হতে পারে, তবে নিরপেক্ষ দেশগুলো ইরানের অনুমতি ও শর্তসাপেক্ষে এই জলপথ ব্যবহার করতে পারবে।
নিরাপত্তা দায়িত্ব
এই প্রণালির নিরাপত্তা ও নিয়ন্ত্রণ দেখভালের দায়িত্বে রয়েছে আইআরজিসি। সাম্প্রতিক এক বক্তব্যে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ইঙ্গিত দিয়েছেন, হরমুজ প্রণালি ইস্যুতে নতুন কৌশলগত অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে দেশটি।



