যুক্তরাজ্যের হুইস্কি আমদানিতে সব শুল্ক তুলে নিলেন ট্রাম্প
যুক্তরাজ্যের হুইস্কি আমদানিতে সব শুল্ক তুলে নিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁদের পুরোনো মিত্র যুক্তরাজ্যের হুইস্কি আমদানিতে সব ধরনের শুল্ক ও বিধিনিষেধ তুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন। ব্রিটিশ রাজা চার্লস ও রানি ক্যামিলার সম্মানে তিনি এ ঘোষণা দিয়েছেন। ব্রিটিশ রাজা ও রানির যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে ট্রাম্প এমন সিদ্ধান্তের কথা জানালেন। তিনি বলেন, ‘রাজা ও রানি প্রায় না বলেই এমন একটি কাজ করিয়ে নিয়েছেন, যা আর কেউই করাতে পারেনি।’

স্কটল্যান্ড ও কেনটাকির সহযোগিতা

ডোনাল্ড ট্রাম্প বলেন, স্কটল্যান্ডের সঙ্গে কেনটাকি অঙ্গরাজ্যের হুইস্কি ও বোরবন (একধরনের হুইস্কি) খাতে সহযোগিতার ক্ষেত্রে যে বাধা ছিল, সেটিও সরিয়ে নেওয়া হবে। যুক্তরাজ্য সরকার নিশ্চিত করেছে, এ সিদ্ধান্ত সব ধরনের হুইস্কির ওপর শুল্কের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যার মধ্যে আইরিশ হুইস্কিও রয়েছে। খবর বিবিসি ও সিএনবিসির।

এ নিয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, ট্রাম্পের এ ঘোষণায় চাপে থাকা ডিস্টিলারি খাত কিছুটা স্বস্তি পাবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রাজকীয় সফর

চার দিনের এক রাষ্ট্রীয় সফরে ব্রিটিশ রাজা চার্লস ও রানি ক্যামিলা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক ও ভার্জিনিয়া সফর করেন। গতকাল বৃহস্পতিবার তাঁরা যুক্তরাষ্ট্র ত্যাগ করেন।

ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বাকিংহাম প্যালেসের এক মুখপাত্র জানান, ট্রাম্পের প্রতি রাজা তাঁর ‘আন্তরিক কৃতজ্ঞতা’ জানিয়েছেন এবং ‘প্রেসিডেন্টের এই সৌজন্যের জন্য তিনি এক পেগ তুলবেন।’

স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনি ট্রাম্পের ঘোষণাকে ‘স্কটল্যান্ডের জন্য দারুণ খবর’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, প্রতি মাসে স্কটিশ অর্থনীতিতে লাখ লাখ পাউন্ড ক্ষতি হচ্ছিল।

সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প

নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প জানান, তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন ‘যুক্তরাজ্যের রাজা ও রানির সম্মানে’, যাঁরা সম্প্রতি হোয়াইট হাউস সফর শেষ করে নিজ দেশে ফিরেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ট্রাম্প বলেন, স্কটল্যান্ড ও কেনটাকির মধ্যে হুইস্কি ও বোরবন শিল্পের সম্পর্ক গুরুত্বপূর্ণ, বিশেষ করে কাঠের ব্যারেল ব্যবহারের ক্ষেত্রে। কেনটাকিতে ব্যবহৃত বোরবন (একধরনের হুইস্কি) ব্যারেলের বড় ক্রেতা স্কচ হুইস্কি শিল্প, যা প্রতিবছর প্রায় ২০০ মিলিয়ন পাউন্ড মূল্যের ব্যারেল আমদানি করে।

এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমি সব বিধিনিষেধ তুলে নিয়েছি, যাতে স্কটল্যান্ড ও কেনটাকি আবার ব্যবসা শুরু করতে পারে।’

পূর্বের শুল্ক ও বর্তমান প্রভাব

এর আগে যুক্তরাষ্ট্রে হুইস্কি রপ্তানির ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প। ফলে স্কটিশ হুইস্কির বিক্রি ক্ষতিগ্রস্ত হচ্ছিল, যা তাদের সবচেয়ে বড় রপ্তানি বাজার। একই সঙ্গে স্থগিত থাকা একক মাল্ট হুইস্কির ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আবার চালুর আশঙ্কাও ছিল।

স্কচ হুইস্কি অ্যাসোসিয়েশনের পরিচালক গ্রেম লিটলজন জানান, তাঁরা যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে অত্যন্ত আনন্দিত। তিনি বলেন, শুল্কের কারণে প্রতি সপ্তাহে প্রায় ৪ মিলিয়ন পাউন্ড মূল্যের রপ্তানি ক্ষতি হচ্ছিল, যা বছরে দাঁড়ায় প্রায় ১৫০ মিলিয়ন পাউন্ড।

গ্রেম লিটলজন বলেন, এটি শিল্পের জন্য বড় স্বস্তি। দীর্ঘদিনের উচ্চপর্যায়ের আলোচনার ফলেই এটি সম্ভব হয়েছে। হয়তো রাষ্ট্রীয় সফরটি চূড়ান্ত সমাধানে সহায়ক হয়েছে, আর রাজা তাঁর ‘রাজকীয় স্পর্শ’ যোগ করেছেন।

যুক্তরাজ্যের ব্যবসা ও বাণিজ্যমন্ত্রী পিটার কাইল বলেন, ‘এটি আমাদের স্কচ হুইস্কি শিল্পের জন্য দারুণ খবর। প্রায় ১ বিলিয়ন বা ১০০ কোটি ব্রিটিশ পাউন্ড রপ্তানিমূল্যের এ খাত হাজারো মানুষের কর্মসংস্থান তৈরি করে।’

আইরিশ হুইস্কিও অন্তর্ভুক্ত

এদিকে সিএনবিসি এক প্রতিবেদনে জানিয়েছে যে তাদের যুক্তরাজ্য সরকার শুক্রবার নিশ্চিত করেছে, আগের দিন বৃহস্পতিবার ঘোষিত পরিবর্তন সব ধরনের হুইস্কির শুল্কের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যার মধ্যে আইরিশ হুইস্কিও অন্তর্ভুক্ত থাকবে।

গত বছর ট্রাম্প প্রশাসনের ঘোষিত তথাকথিত ‘লিবারেশন ডে’ বা ‘স্বাধীনতা দিবস’ শুল্ক কার্যকর হওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম বাণিজ্যচুক্তি হয় যুক্তরাজ্যের। ওই চুক্তির শর্ত অনুযায়ী, যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর ১০ শতাংশ হারে একটি সাধারণ শুল্ক আরোপ করা হয়। ফলে আটলান্টিক মহাসাগরের দুই তীরের রপ্তানিকারকদের জন্য আগে যে শূন্য-শুল্ক সুবিধা ছিল, তা বাতিল হয়ে যায়। এতে যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো স্কচ হুইস্কিসহ অন্যান্য মদজাতীয় পানীয়ের ওপর নতুন শুল্ক আরোপিত হয়।

স্কটল্যান্ডে স্কচ হুইস্কি শিল্পে প্রায় ৪০ হাজার মানুষের কর্মসংস্থান রয়েছে। ২০২৫ সালে দেশটির মোট পণ্য রপ্তানির ২৩ শতাংশই অর্জিত হয়েছিল হুইস্কি থেকে।