ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা রক্ষায় দৃঢ় অবস্থান ঘোষণা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক চাপ ও যুদ্ধবিরতি চুক্তির প্রচেষ্টাকে প্রত্যাখ্যানের ইঙ্গিত দেন। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশনে পাঠ করা এক বিবৃতিতে খামেনি বলেন, পারস্য উপসাগরে আমেরিকানদের থাকার একমাত্র জায়গা হলো ‘পানির তলদেশ’। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই অঞ্চলের ইতিহাসে এক ‘নতুন অধ্যায়’ লেখা হচ্ছে।
মার্কিন আলোচনার বিষয়ে দ্রুত কোনও ফলাফলের প্রত্যাশা করা যুক্তিসঙ্গত নয় বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। দেশটির সরকারি বার্তা সংস্থা ইরনাকে তিনি বলেন, মধ্যস্থতাকারী যে-ই হোক না কেন, অল্প সময়ের মধ্যে কোনও সিদ্ধান্তে পৌঁছানোর প্রত্যাশা করা আমার মতে খুব একটা বাস্তবসম্মত নয়।
মার্কিন নৌবাহিনীর অবরোধে ইরানের তেলবাহী ট্যাংকারগুলো সমুদ্রপথে বের হতে না পারায় দেশটির অর্থনীতি মারাত্মক চাপের মুখে পড়েছে। একইসঙ্গে ইরান হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ বজায় রাখায় বিশ্ব অর্থনীতিও অস্থিতিশীল হয়ে উঠেছে। উল্লেখ্য, বিশ্বের মোট অপরিশোধিত তেলের এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়েই অতিক্রম হয়। বৃহস্পতিবার অপরিশোধিত তেলের বৈশ্বিক বেঞ্চমার্ক, ব্রেন্ট ক্রুড ব্যারেল প্রতি সর্বোচ্চ ১২৬ ডলারে লেনদেন হয়েছে।



