২০২৬ সালে বৈশ্বিক সম্পদের বণ্টন একটি পরিচিত কিন্তু কিছুটা পরিবর্তিত চিত্র তুলে ধরেছে। উচ্চ সম্পদশালী ব্যক্তিদের সংখ্যায় যুক্তরাষ্ট্র এখনো স্পষ্টভাবে শীর্ষে রয়েছে। বিশেষজ্ঞদের মতে, ডিজিটাল অর্থনীতির প্রসার, বিনিয়োগ প্রবাহ এবং পরিবর্তিত ব্যবসায়িক পরিবেশ এই ধারা বদলে দিচ্ছে। বিশ্বজুড়ে ধনী ব্যক্তিদের বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ প্রবণতা নিয়ে সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বেশিরভাগ সম্পদ এখনো উন্নত অর্থনীতির দেশগুলোতেই কেন্দ্রীভূত। তবে কিছু উদীয়মান দেশ দ্রুত এগোচ্ছে। এই খবর দিয়ে শীর্ষ ১০ ধনী দেশের তালিকা প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।
যুক্তরাষ্ট্র: বিশাল ব্যবধানে শীর্ষে
যুক্তরাষ্ট্র এখনো বিশাল ব্যবধানে শীর্ষে রয়েছে। সেখানে ১.৮ কোটিরও বেশি উচ্চ সম্পদশালী ব্যক্তি রয়েছে। এই ব্যবধান অন্যান্য দেশের তুলনায় অনেক বড়। বিশ্লেষণ অনুযায়ী, দেশটির শক্তিশালী আর্থিক বাজার, বড় বেসরকারি খাত এবং বিনিয়োগ কাঠামো এই অবস্থান ধরে রাখতে সহায়তা করছে।
চীন: দ্বিতীয় স্থানে
চীন রয়েছে দ্বিতীয় স্থানে। সেখানে ৫৫ লক্ষেরও বেশি উচ্চ সম্পদশালী ব্যক্তি রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবধান অনেক বড় হলেও চীন এখনো বিশ্বে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে। তথ্য অনুযায়ী, চীনে সম্পদ তুলনামূলকভাবে কিছু নির্দিষ্ট খাতে বেশি কেন্দ্রীভূত।
ফ্রান্স, জাপান ও ব্রিটেন: কাছাকাছি অবস্থানে
ফ্রান্স, জাপান ও ব্রিটেন- এই তিনটি দেশ প্রায় কাছাকাছি অবস্থানে রয়েছে। প্রায় ২৩ থেকে ২৬ লাখ উচ্চ সম্পদশালী ব্যক্তি রয়েছেন এখানে। ফ্রান্স সামান্য এগিয়ে আছে, আর জাপান ও ব্রিটেন কাছাকাছি অবস্থানে। এসব দেশে সম্পদের বণ্টন তুলনামূলকভাবে স্থিতিশীল এবং বড় ধরনের ওঠানামা নেই।
জার্মানি: শিল্প ও রপ্তানিতে শক্তিশালী
জার্মানির সংখ্যা ব্রিটেনের কাছাকাছি হলেও কিছু সূচকে এটি এগিয়ে। বিশেষ করে শিল্প ও রপ্তানি খাত থেকে সৃষ্ট সম্পদের প্রভাব বেশি। অর্থনীতি নির্দিষ্ট খাতে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে।
কানাডা ও অস্ট্রেলিয়া: স্থিতিশীল অবস্থান
কানাডা ও অস্ট্রেলিয়া- দুটি দেশই স্থিতিশীল অবস্থান দেখিয়েছে। কানাডা সামান্য এগিয়ে থাকলেও ব্যবধান খুবই কম। উভয় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর কিন্তু স্থায়ী এবং বড় ধরনের অস্থিরতা নেই।
ইতালি: তালিকার নিচের দিকে
ইতালিতে ১২ লক্ষেরও বেশি উচ্চ সম্পদশালী ব্যক্তি রয়েছে, যা তালিকার তুলনামূলক নিচের দিকে। তবে দেশটির অর্থনীতিতে কোনো বড় ধরনের ওঠানামা দেখা যায়নি এবং সম্পদের বণ্টনও মোটামুটি ভারসাম্যপূর্ণ।



