কানাডা ইমিগ্রেশনে আবেদনে সতর্ক থাকার আহ্বান
কানাডা ইমিগ্রেশনে আবেদনে সতর্ক থাকার আহ্বান

কানাডার ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ (আইআরসিসি) তাদের ভিসা বা ইমিগ্রেশন কর্মসূচিতে আবেদনকারীদের আরও সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে। অসম্পূর্ণ তথ্য, প্রয়োজনীয় নথির ঘাটতি বা ফরম পূরণে ভুলের কারণে অনেক আবেদন অপ্রয়োজনীয় বিলম্বের মুখে পড়ে। তাই আবেদন জমা দেওয়ার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

অনলাইনে আবেদন ও তথ্য পূরণ

ইমিগ্রেশন কর্তৃপক্ষের মতে, আবেদনকারীদের সম্ভব হলে অনলাইনে আবেদন করা উচিত। আবেদনপত্রের প্রতিটি প্রশ্নের উত্তর সম্পূর্ণ, স্পষ্ট ও সত্য তথ্য দিয়ে পূরণ করতে হবে। কোনো প্রশ্ন প্রযোজ্য না হলে সেখানে ‘N/A’ উল্লেখ করতে হবে।

প্রয়োজনীয় নথি সংযুক্তি

পাসপোর্ট, ছবি, জন্মসনদ, ভাষা পরীক্ষার ফলাফল, আর্থিক ও মেডিকেল নথিসহ প্রয়োজনীয় সব কাগজপত্র সংযুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। নথিগুলো ইংরেজি বা ফরাসি ভাষায় না হলে অনুমোদিত অনুবাদ জমা দিতে হবে। বিশেষভাবে চাওয়া না হলে আসল নথি পাঠানোর প্রয়োজন নেই।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, শুধু চাওয়া হয়েছে এমন নথিই জমা দেওয়া উচিত। অতিরিক্ত নথি অনেক সময় আবেদনপ্রক্রিয়া ধীর করে দিতে পারে। আবেদনকারীদের সরকারি নির্দেশনা অনুযায়ী ছবি জমা দেওয়া, পরিবারের সব সদস্যের তথ্য উল্লেখ করা এবং ফোন নম্বর, ই-মেইল ও ঠিকানার মতো যোগাযোগের তথ্য আবার যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

স্বাক্ষর, ফি ও অন্যান্য বিষয়

আবেদনপত্রে স্বাক্ষর ও তারিখ দেওয়া হয়েছে কি না, ফি সঠিকভাবে পরিশোধ করা হয়েছে কি না এবং পরিশোধের পদ্ধতি সঠিক কি না, তা নিশ্চিত করারও আহ্বান জানানো হয়েছে।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলেছে, আবেদন পর্যালোচনার সময় অতিরিক্ত তথ্য বা নথি চাওয়া হলে তা যত দ্রুত সম্ভব জমা দিতে হবে। এতে আবেদন নিষ্পত্তির প্রক্রিয়া দ্রুততর হতে পারে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিশেষজ্ঞের পরামর্শ

বিশেষজ্ঞদের মতে, আবেদন জমা দেওয়ার আগে পুরো ফাইল অন্তত দুইবার যাচাই করা উচিত। কারণ, ছোট একটি ভুলও অনেক ক্ষেত্রে আবেদনপ্রক্রিয়ায় দীর্ঘ বিলম্ব বা অতিরিক্ত জটিলতার কারণ হয়ে দাঁড়াতে পারে।

সূত্র: Immigration, Refugees and Citizenship Canada (IRCC)-এর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত নির্দেশনা।